সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
শেষ ম্যারাথনবিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং (১০১) ঘোষণা দিয়েছেন, রোববার লন্ডন ম্যারাথনে অংশ নেওয়ার পর তিনি আর দৌড়াবেন না। ফৌজা সিং ষাটের দশকে ভারত থেকে যুক্তরাজ্যে যান। পরে ৮৯ বছর বয়সে তিনি ম্যারাথন দৌড় শুরু করেন। এর পর থেকে তিনি আটবার প্রতিযোগিতায় অংশ নেন। ফৌজা সিংকে প্রশিক্ষণ দিচ্ছেন হরমন্দর সিং। তিনি বলেন, ‘ফৌজা সিংকে প্রশিক্ষণ দেওয়া আমার জন্য খুবই সহজ। আমার ধারণা, জীবন সম্পর্কে তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই কাজটা এত সহজ হয়েছে। বিবিসি।অস্ত্র চুক্তি সইরাশিয়া ও মালয়েশিয়ার মধ্যে সাড়ে তিন কোটি ডলারের একটি অস্ত্র চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রসোবোরোন মালয়েশিয়ায় আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। মাঝারি পাল্লার রাডার-নিয়ন্ত্রিত আরভিভি নামের এই ক্ষেপণাস্ত্র মালয়েশিয়ার বিমানবাহিনী ব্যবহার করবে। গতকাল শুক্রবার রসোবোরোন জানায়, মালয়েশিয়ায় চলমান ডিফেন্স সার্ভিস এশিয়া-২০১২ অস্ত্র প্রদর্শনীতে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুসারে এ বছরের শেষ নাগাদ মালয়েশিয়ায় প্রথম দফার ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। টাইমস অব ইন্ডিয়া।