সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
একসঙ্গে নয় সন্তান!একসঙ্গে নয় সন্তান গর্ভে ধারণ করেছেন মেক্সিকোর নারী কার্লা ভানেসা পেরেজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ মে তাঁর ছয় মেয়ে ও তিন ছেলের জন্ম হবে। গত বৃহস্পতিবার মেক্সিকোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নেটিমেক্স এ খবর জানিয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কোয়াহুইলার রাজধানী সালতিলো শহরের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন কার্লা। টেলিভিসা নামের একটি টেলিভিশনের খবরে বলা হয়, সন্তান ধারণের জন্য কার্লা বিশেষ চিকিৎসা নেওয়ার ফলে তাঁর গর্ভে একসঙ্গে একাধিক সন্তান এসেছে। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী একসঙ্গে আট সন্তানের জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হন। রয়টার্স।কমে যাচ্ছে হাঙরপ্রশান্ত মহাসাগরে বিভিন্ন প্রবাল দ্বীপ এলাকায় হাঙরের সংখ্যা ১০ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। ওই এলাকায় একসঙ্গে এত বেশি হাঙর কমে যাওয়ার ঘটনা বিরল। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা যায়, হাওয়াই ও মারিয়ানা দ্বীপপুঞ্জসহ আমেরিকান সামোয়ার জনবহুল দ্বীপসংলগ্ন সাগরে হাঙরের সংখ্যা অনেক কমেছে। মূলত মাছ ধরার জালে আটকে মারা যাচ্ছে এসব হাঙর। যেসব এলাকায় মানুষের বিচরণ বেশি, সেখানে হাঙর থাকে না বলে মন্তব্য করেন গবেষক মার্ক ন্যাডন। গবেষকদের মতে, তিন দশক আগে থেকে হাঙরের সংখ্যা কমতে শুরু করে। এএফপি।শ্রীলঙ্কায় গুচ্ছবোমাশ্রীলঙ্কায় অবিস্ফোরিত গুচ্ছবোমার (ক্লাস্টার বোমা) সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থলমাইনবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ অ্যালান পোস্টন। ই-মেইল বার্তায় তিনি বলেন, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে পাওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে ওই গুচ্ছবোমা পাওয়া যায়। ওই এলাকায় গত মাসে এক বিস্ফোরণে একটি শিশু মারা যায়। তবে বিচ্ছিন্নতাবাদী তামিল গেরিলাদের বিরুদ্ধে চালানো অভিযানে গুচ্ছবোমা ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে শ্রীলঙ্কার সরকার। ২০১০ সালের আগস্টে একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে গুচ্ছবোমা নিষিদ্ধ করা হয়। এতে শ্রীলঙ্কাসহ ৬০টি দেশ স্বাক্ষর করে। বিবিসি।