সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
লিবীয় মন্ত্রীর মৃত্যুলিবিয়ার সাবেক তেলমন্ত্রী শুকরি ঘানেম (৬৯) মারা গেছেন। অস্ট্রিয়ার পুলিশ জানিয়েছে, সাবেক এই মন্ত্রীর মরদেহ ভিয়েনার দানিয়ুব নদ থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন ঘানেম। মৃত্যুর আগে তিনি ভিয়েনাভিত্তিক একটি প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করছিলেন। গত রোববার সকালে বাসা থেকে বের হওয়ার পর গতকাল সোমবার তাঁকে মৃত পাওয়া যায়। গত বছর প্রয়াত লিবীয় নেতা গাদ্দাফির বিরুদ্ধে গণ-অভ্যুত্থান শুরু হলে ঘানেম দেশ ত্যাগ করেন। বিবিসি।আবার টাইটানিক!অস্ট্রেলিয়ার একজন ধনকুবের ঐতিহাসিক প্রমোদতরী টাইটানিকের মতো একটি নতুন জাহাজ নির্মাণ করার কথা ঘোষণা দিয়েছেন। ১৯১২ সালের ১৫ এপ্রিল বিশাল হিমশৈলের আঘাতে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। সেই ঘটনার শতবর্ষ পূর্তির কিছু দিন পর গতকাল সোমবার পর্যটন ব্যবসায়ী ক্লিভ পামার তাঁর নতুন পরিকল্পনার কথা জানান। জাহাজটি যেন ডুবে না যায়, তাই এর নকশায় সে বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়া হবে। তিনি জানান, এর নকশা এমনভাবে করা হবে, যাতে সব ধরনের প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এটি একটি আধুনিক জাহাজ হয়ে উঠতে পারে। এটি নির্মাণে এরই মধ্যে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানি সিএসসি জিনলিং শিপইয়ার্ডের সঙ্গে তাঁর নতুন শিপিং কোম্পানি ব্লু স্টার লাইন প্রাইভেট লিমিটেডের সমঝোতা স্মারক সই হয়েছে। ২০১৬ সালের শেষ দিকে টাইটানিক-২ জাহাজটির প্রথম যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে। রয়টার্স।নেপালে নিহত ৪নেপালের দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার এক বোমা বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। ভারতের সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তীর্থস্থান জানকপুরে এক বিক্ষোভ সমাবেশের কাছে এ বোমা বিস্ফোরিত হয়। বোমাটি একটি মোটরসাইকেলের পেছনে বাঁধা ছিল। স্থানীয় পুলিশপ্রধান বসন্ত রাজ গৌতম জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন বিক্ষোভকারী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে অন্য তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত সাতজনকে কাঠমান্ডুর হাসপাতালে পাঠানো হয়েছে। পৃথক মিথিলা প্রদেশ প্রতিষ্ঠার সাংবিধানিক স্বীকৃতি আদায়ে মিথিলা স্টেট স্ট্রাগল কমিটি ওই বিক্ষোভের ডাক দেয়। এএফপি।