সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভূমিবলের সফরথাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ দুই বছরের বেশি সময় পর প্রথমবারের মতো রাজধানী ব্যাংককের বাইরে সফরে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, আজ শুক্রবার রাজা ভূমিবল প্রাচীন শহর আয়ুত্থায়া ভ্রমণে যাবেন। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে রাজসিংহাসনে থাকা রাজা ভূমিবল শারীরিক অসুস্থতার কারণে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের বাইরে খুব একটা আসেন না তিনি। এখন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আয়ুত্থায়া শহরে যাবেন। জানা গেছে, ৮৪ বছর বয়সী রাজা ষোড়শ শতকের রানি সুরিওতাইকে শ্রদ্ধা জানাতেই ওই শহরে যাবেন। এএফপি।বাদুড়ের কামড়ে মৃত্যুবাদুড়ের কামড়ে পেরুতে সাত শিশুর মৃত্যু হয়েছে। প্রায় দুই মাস আগে বাদুড়ের কামড়ের কারণে জলাতঙ্কে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে গত বুধবার নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যানা মারিয়া নাভারো বলেন, মৃত শিশুদের বয়স ১১ থেকে ১৪ মাসের মধ্যে। তারা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। মেডিকেল রিপোর্ট অনুযায়ী জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েই তাদের মৃত্যু হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধ করতে ওই এলাকায় বর্তমানে একটি দল টিকাদান কার্যক্রম শুরু করেছে। এএফপি।