সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে গতকাল শুক্রবার ৫ দশমিক ৮ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপের খবরে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বিকেল তিনটা ৫৬ মিনিটে এটি আঘাত হানে। ভূমিকম্পের সময় স্থানীয় অধিবাসীরা আতঙ্কে দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় মানকওয়ারি শহর থেকে ৯২ কিলোমিটার পশ্চিমে ভূ-গর্ভের ২৪ কিলোমিটার অভ্যন্তরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপি।অস্ত্র নিষেধাজ্ঞাবাণিজ্যিকভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভেনেজুয়েলায় একটি নতুন আইন কার্যকর হয়েছে। ব্যক্তিগত নিরাপত্তায় বন্দুক রাখার অনুমতিপ্রাপ্ত যেকোনো ব্যক্তি এত দিন কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে অস্ত্র কিনতে পারতেন। কিন্তু নতুন আইনের ফলে কেবল সেনা, পুলিশ ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মতো নির্দিষ্ট কিছু গ্রুপের সদস্যরা রাষ্ট্রনিয়ন্ত্রিত অস্ত্র নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে অস্ত্র কিনতে পারবেন। অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটিতে নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন ও অপরাধ কর্মকাণ্ড হ্রাসের প্রচেষ্টা হিসেবে সরকার এই পদক্ষেপ নিয়েছে। বিবিসি। কোকেনসহ আটকইন্দোনেশিয়ার বালিতে কোকেনসহ আটক এক ব্রিটিশ নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকের পর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ তোলায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়। র‌্যাচেল ডুগল নামের ওই নারী বলেন, তিনি অনিদ্রায় আক্রান্ত এবং গত কয়েক দিন ঘুমাতে কিংবা খেতে পারেননি। গত মাসের শেষ দিকে ইন্দোনেশীয় পুলিশ আরও দুই নাগরিক ও এক ভারতীয়সহ তাঁকে গ্রেপ্তার করে। লিন্ডসে স্যান্ডিফোর্ড নামের একজন ব্রিটিশ নারীকে প্রায় পাঁচ কেজি কোকেনসহ আটকের পর নতুন করে এই তিন ব্রিটিশ নাগরিককে আটকের ঘটনা ঘটল। তাঁরা সবাই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি।