সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মাশরুম খেয়ে মৃত্যুঅস্ট্রেলিয়ায় বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম খেয়ে মারা গেছেন এক চীনা নারী। এই মাশরুম ভেজা মাটিতে জন্মায়। গুরুতর অসুস্থ অবস্থায় মেলবোর্নের অস্টিন হাসপাতালে ওই নারীকে ভর্তি করার দুই দিন পর গত শুক্রবার তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসকেরা জানান, চীনা ভিন্নমতাবলম্বী ওই নারী স্থানীয় একটি পার্ক থেকে মাশরুম সংগ্রহ করে খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। ডেথ ক্যাপ মাশরুম খেয়ে অস্ট্রেলিয়ায় এ বছর এ নিয়ে তিনজন মারা গেলেন। এই মাশরুমের পুরোটাই বিষাক্ত হয়ে থাকে। এএফপি।আইনজীবী গ্রেপ্তার লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের কাছে ‘বিপজ্জনক’ তথ্য পাচারের চেষ্টাকালে অস্ট্রেলিয়ার এক নারী আইনজীবীকে গ্রেপ্তার করেছে লিবিয়া। গতকাল শনিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) লিবীয় প্রতিনিধি এ খবর জানিয়েছেন। আইসিসির প্রতিনিধি আহমেদ আল জিহানি বলেন, গত শুক্রবার মেলিন্দা টেলর নামের ওই আইনজীবী সাইফের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে ওই ‘বিপজ্জনক’ তথ্যসংবলিত কাগজপত্র দেওয়ার চেষ্টা করেন। জিহানি বলেন, মেলিন্দা টেলরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তবে তিনি কী তথ্য পাচারের চেষ্টা করছিলেন, জিহানি তা জানাননি। গত বছর ১৯ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিনতান শহরে একটি কারাগারে বন্দী রয়েছেন সাইফ। এএফপি। চার সেনাকে হত্যাআফগানিস্তানে চার ফরাসি সেনাকে হত্যা করেছে জঙ্গিরা। গতকাল শনিবার পর্বতবেষ্টিত কাপিসা প্রদেশের পূর্বাঞ্চলে এ সহিংসতায় পাঁচ সেনা আহত হয়েছেন। ওই এলাকায় ন্যাটোর অধীনে মূলত ফরাসি সেনারাই টহল দিচ্ছিলেন। হামলার বিস্তারিত খবর জানানো হয়নি। তবে প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আহত পাঁচ সেনার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রীকে আফগানিস্তানে পাঠিয়েছেন প্রেসিডেন্ট। কাপিসা প্রদেশের পুলিশপ্রধান আবদুল রহমান বলেছেন, জঙ্গিরা ফরাসি সেনাদের ওপর আত্মঘাতী হামলা চালিয়েছে। রয়টার্স।