সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাদা গন্ডারের বাচ্চাইসরায়েলের চিড়িয়াখানায় গত শুক্রবার বিকেলে দুর্লভ প্রজাতির এক সাদা গন্ডার জন্ম নিয়েছে। তেলআবিব শহরের কাছে রামাত জোন এলাকার চিড়িয়াখানায় গন্ডারটি জন্ম নেয় বলে গতকাল শনিবার আফ্রিকান প্রাণী দপ্তরের প্রধান নেত্তা গুয়েত্তা গতকাল শনিবার এ কথা জানান। এটি একটি ছেলে গন্ডার। ২০ বছর বয়সী টান্ডা নামের মা গন্ডারটিকে দক্ষিণ আফ্রিকা থেকে এ চিড়িয়াখানায় আনা হয়েছিল। ছয় বছর ধরে প্রাণীটি এখানে আছে। সাদা গন্ডার একটি বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী। এএফপি।ট্রলারের রং কমলাপশ্চিমবঙ্গে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোকে কমলা রং করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কাক দ্বীপে মৎস্যজীবীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। সমুদ্রে মাছ ধরার সময় মাঝেমধ্যে ভিনদেশী ডাকাতেরা জেলেদের ছদ্মবেশে সেগুলোতে আক্রমণ চালায়। তখন ভারতীয় ট্রলার আর বহিরাগত ট্রলার চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। তাই সমুদ্রে ডাকাতি রোধে পশ্চিমবঙ্গের সব ট্রলারকে কমলা রং করার নির্দেশ দেওয়া হলো। —কলকাতা প্রতিনিধি