সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গ্রেপ্তারি পরোয়ানাপাকিস্তানের কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) নওয়াব আকবর বুগতি হত্যা মামলায় গতকাল সোমবার দেশটির সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ ও সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওই মামলার ওপর গতকাল আদালতটিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ওই দুজনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও বেলুচিস্তানের সাবেক গভর্নর ওভাইস গনি এবং ডেরা বুগতির সাবেক ডিসিওর বিরুদ্ধেও একই রকম গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জিও টিভি।সফর বাতিলইসরায়েলি ও ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার লক্ষ্যে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমে গতকাল সোমবার এ কথা জানানো হয়। আগামী সপ্তাহে তাঁর সফরসূচি পুনর্নির্ধারিত হতে পারে। আজ মঙ্গলবার কেরির এ সফর শুরুর কথা ছিল। তবে, এই খবরের ব্যাপারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এএফপি।