সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সমঝোতাতাইওয়ান ও ফিলিপাইনের মধ্যে মাছ ধরা নিয়ে বিতর্কের জেরে তাইওয়ানের এক জেলে নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা নিরসনে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার না করার ব্যাপারে দুই দেশের সমঝোতা হয়েছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়। ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) তাইওয়ানের জেলে হাং শিহ-চেংকে সম্প্রতি গুলি করে হত্যা করে। তিনি ফিলিপাইনের একটি দ্বীপ এলাকায় মাছ ধরছিলেন। ওই এলাকাকে তাইওয়ানও নিজেদের বলে দাবি করে। এএফপি।অনলাইনে নিন্দাফ্রান্সে ছয় চীনা শিক্ষার্থীর ওপর গত শনিবার বর্ণবাদী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চীনের নাগরিকেরা অনলাইনে ব্যাপক নিন্দা জানিয়েছেন। ওই শিক্ষার্থীরা চীনের বিত্তশালী কর্মকর্তাদের সন্তান। ফ্রান্সের বোর্দো শহরে তাঁদের ওপর হামলা হয় বলে স্বীকার করেছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকারীদের দুজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হামলায় এক ছাত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম সিনা ওয়েইবোতে সমালোচনার ঝড় ওঠে। এএফপি।