সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নৌকাডুবিতেমিয়ানমারে নৌকাডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে তিনজন নিখোঁজ রয়েছে। ইরাবতী নদী পার হওয়ার পথে গত বুধবার এ দুর্ঘটনা ঘটে। একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই নৌকায় পার হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার এক কর্মকর্তা এ কথা জানান। ২০০৮ সালে বন্যাপ্রবণ ওই এলাকায় ঘূর্ণিঝড় নার্গিসে এক লাখ ৩৮ হাজার মানুষ মারা যায়। এএফপি।চার্লির মৃত্যুধূমপানের জন্য পরিচিত চার্লি চিম্প নামের এক শিম্পাঞ্জির মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেনে অবস্থিত ম্যাংগাউং চিড়িয়াখানায় গতকাল বৃহস্পতিবার ৫২ বছর বয়সে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন আগে ওই চিড়িয়াখানায় কিছু দর্শনাথী চার্লির উদ্দেশে জ্বলন্ত সিগারেট ছুড়ে মারে। এর পর থেকেই সে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ে। চিড়িয়াখানার এক মুখপাত্র জানান, চার্লি প্রতিবছর হাজারও দর্শনার্থীকে আনন্দ দিত। বিবিসি।নিরাপত্তাবিধিখনিশ্রমিকদের নিরাপত্তার জন্য নতুন বিধি কার্যকর করেছে চীন। খনির ব্যবস্থাপকেরা কূপের মধ্যে কাজ করা শ্রমিকদের সঙ্গে থেকে এ বিধি অনুযায়ী তাঁদের পরিচালিত করবেন। তবে কিছু কর্মকর্তা এ নিয়মভঙ্গের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। দেশটির খনিগুলো ভয়াবহ দুর্ঘটনার জন্য কুখ্যাত। গত বছর চীনে বিভিন্ন খনিতে দুর্ঘটনায় আড়াই হাজারেরও বেশি শ্রমিক মারা যান। বিবিসি।আবার ব্যর্থনেপালের পার্লামেন্ট গতকাল বৃহস্পতিবার ১১ বারের মতো সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হয়েছে। গত ৩০ জুন নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল মাওবাদীদের চাপের কারণে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন। এরপর থেকে নেপালে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া চলছে। এর আগে গত বুধবার দশমবারের মতো সে দেশের সাংসদেরা প্রধানমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হন। এএফপি।