সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভুয়া সেনা ইউনিট! যুক্তরাষ্ট্রে ভুয়া সেনা ইউনিট গঠনের অভিযোগে গত মঙ্গলবার এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইউপেং দেং (৫১) নামের এই ব্যক্তি কেবল ভুয়া সেনা ইউনিট গঠন করেই ক্ষান্ত হননি, অভিবাসীদের মধ্যে গুজব ছড়িয়ে দিয়েছেন, তাঁর বাহিনীতে যোগ দিলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে। তিনি তাঁর ভুয়া বাহিনীর নাম দিয়েছেন ইউএস আর্মি বা মিলিটারি স্পেশাল ফোর্সেস রিজার্ভ ইউনিট (এমএসএফআর)। আর নিজের পদের নাম দিয়েছেন ‘সুপ্রিম কমান্ডার’। লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস সূত্র জানায়, এই বাহিনীতে যোগদানের জন্য প্রত্যেক সদস্যের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ ডলার নেওয়া হয়। রয়টার্স। মার্কিন নাগরিক মুক্তফিলিপাইনে একটি অজ্ঞাত গোষ্ঠীর হাতে জিম্মি হওয়া মার্কিন নাগরিক মিল্টন টেইলরকে (৫৩) গতকাল বুধবার মুক্তি দেওয়া হয়েছে। ওই মার্কিন নাগরিককে তিন মাস বন্দী করে রাখা হয়েছিল। মুক্তি পাওয়া ওই মার্কিন নাগরিক ফিলিপাইনে খনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। গতকাল মিন্দানাও দ্বীপের পাহাড়ি একটি গ্রামে তিনি ফিরে আসেন। গত ১২ জানুয়ারি মিন্দানাও দ্বীপ থেকে তিনি অপহূত হন। তবে ম্যানিলায় মার্কিন দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এএফপি।ছয়জন নিহত পাকিস্তানে মার্কিন পাইলটবিহীন বিমানের হামলায় ছয়জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। উপজাতি-অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আদ্দা শহরে গতকাল বুধবার ওই বিমান থেকে একটি গাড়ির ওপর চারটি ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়। এতে ছয়জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা এ কথা জানান। গত ১৭ মার্চ দেশটিতে যুক্তরাষ্ট্রের পাইলটবিহীন বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ ৩৯ জন নিহত হওয়ার পর এটাই প্রথম হামলা। এএফপি।