সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চুক্তি স্বাক্ষরচীন ও তাইওয়ানের মধ্যে পরমাণু নিরাপত্তাসংক্রান্ত একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, কোনো ধরনের পারমাণবিক বিপর্যয়ের পূর্বাভাস পেলে দুটি দেশ পরস্পরকে সতর্ক করে দেবে এবং ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সহযোগিতা করবে। তাইওয়ানের সরকারি কর্মকর্তারা জানান, চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে দেশটির বেশির ভাগ পরমাণু বিদ্যুৎকেন্দ্রের অবস্থানের কারণে চুক্তিটি গুরুত্বপূর্ণ। তাইওয়ান থেকে মাত্র ২০০ কিলোমিটারের মধ্যে ওই এলাকার অবস্থান। চলতি বছর জাপানের ফুকুশিমায় পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পরপরই সতর্কতামূলক এই পদক্ষেপ নিল চীন ও তাইওয়ান। এএফপি।সাংবাদিকের দণ্ডইরানে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে দেশটির সংস্কারপন্থী সাংবাদিক আবদেল রেজা তাজিককে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার-নিয়ন্ত্রিত একটি সংবাদপত্রে গতকাল বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়। এতে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটানো এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ২০১০ সালের জুনে তাজিককে গ্রেপ্তার করা হয়। নোবেলবিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠিত মানবাধিকারবিষয়ক একটি সংস্থার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল বলেও অভিযোগ রয়েছে। এএফপি।