সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বাফেটের দানবিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফেট আরও ১৯৩ কোটি মার্কিন ডলার দান করেছেন। পাঁচটি দাতব্য প্রতিষ্ঠানকে তিনি এই অর্থ দান করেন। ২০০৬ সালে নিজের ৯৯ ভাগ সম্পদ দান করে দেওয়া মার্কিন ধনকুবেরের এটি তৃতীয় সর্বোচ্চ দান। গত বৃহস্পতিবার বাফেট তাঁর জীবন বিমা ও বিনিয়োগ কোম্পানি বার্কশায়ার হাথাওয়ে ইঞ্চ-এর দুই কোটি ৪০ লাখ ৫৪ হাজার ক্লাস-বি শেয়ার দান করেছেন। বাফেটের দান করা শেয়ারগুলো ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৫১ কোটি ডলার থেকে বর্তমান অঙ্কে এসে ঠেকেছে। কেননা ক্লাস-বি শেয়ারগুলোর মূল্য বৃহস্পতিবার বছর শেষে ৩৫ শতাংশ বেড়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে বার্কশায়ারের ১০৬ কোটি মার্কিন ডলারের শেয়ার দান করা হয়েছে। বাকি শেয়ারগুলো বাফেটের প্রয়াত স্ত্রীর নামে গড়া সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন ও তাঁদের সন্তান হাওয়ার্ড, পিটার ও সুসানের ফাউন্ডেশনকে দান করা হয়েছে। রয়টার্স।চুরির দায়েইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মালয়েরে গত শুক্রবার আদালতের নির্দেশে চুরির দায়ে এক ব্যক্তির হাত কেটে ফেলা হয়েছে। জনসমক্ষে নাকি জেলে এ হাত কাটা হয়েছে, তা নিশ্চিত নয়। হাত কেটে ফেলার সময় সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন কি না, তা-ও জানা যায়নি। ইরানের শরিয়াভিত্তিক আইনানুযায়ী, চুরির মতো ঘটনার জন্য হাত কেটে ফেলার নিয়ম প্রচলিত রয়েছে। সাজাপ্রাপ্ত ওই চোরকে আগেও বেশ কয়েকবার চুরির দায়ে ধরে এবং শাস্তি দেওয়া হয়েছিল। এএফপি।বাস দুর্ঘটনাদক্ষিণ কোরিয়ার সিউলে গতকাল শনিবার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সেতু থেকে একটি বাস পড়ে গিয়ে ১২ জন যাত্রী নিহত হয়েছে। আরও আটজন যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি সেতু থেকে প্রায় আট মিটার দূরে একটি আন্ডারপাসের নির্মাণস্থলে গিয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী জানায়, বাসটি পার্ক করা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ৪০ জন যাত্রী নিয়ে বাসটি সংদো শহর থেকে ইনশিও শহরে আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। এএফপি।ষাঁড়ের গুঁতোয়স্পেনের জামোরা প্রদেশের ফুয়েন্তেসুকো শহরে ষাঁড়ের গুঁতোয় নিহত হয়েছে এক ব্যক্তি (১৯)। গত শুক্রবার থেকে শুরু হওয়া স্থানীয় একটি উৎসবের অংশ হিসেবে রাত তিনটায় শহরের রাস্তায় শুরু হয় ষাঁড়ের দৌড় প্রতিযোগিতা। এর প্রায় দেড় ঘণ্টা পরে একটি ষাঁড় ওই ব্যক্তির বুকে শিং দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার পর্যন্ত উৎসব চলার কথা থাকলেও এ দুর্ঘটনার কারণে সব আয়োজন বাতিল করা হয়েছে। স্পেনের সবচেয়ে বিখ্যাত ষাঁড়ের দৌড়টি অনুষ্ঠিত হয় উত্তরাঞ্চলীয় শহর পাম্পলোনার সান ফারমিন উৎসবে। বার্ষিক এ উৎসবটি শুরু হয় প্রতিবছর ৬ জুলাই থেকে। গত বছর সান ফারমিন উৎসবে ২৭ বছর বয়সী এক ব্যক্তি ষাঁড়ের গুঁতোয় মারা যান। এএফপি।