সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
খুনি পুলিশথাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পুলিশের একজন কর্মকর্তা তাঁর ছয়জন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। এরপর তিনি নিজেও গুলিতে আত্মহত্যা করেছেন। গত সোমবার রাতে ফাতালাং প্রদেশে সীমান্ত টহল পুলিশ শিবিরের একটি ক্যান্টিনে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলে হত্যাকারীসহ সাতজনের লাশ পাওয়া গেছে। ওই ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি। এএফপি। সন্তানদের শেখাতেযুক্তরাষ্ট্রের লাস ভেগাস বিমানবন্দরে ১০ হাজার মার্কিন ডলার পাওয়ার পর এক ব্যক্তি ওই অর্থের মালিককে তা ফেরত দিয়েছেন। মিচ গিলবার্ট নামের ওই ব্যক্তি বলেন, এই অর্থ ফেরত দিয়ে তিনি তাঁর সন্তানদের দেখাতে চেয়েছেন, এটাই করা উচিত। গত সোমবার স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়, গিলবার্ট বাড়ি ফেরার সময় বিমানবন্দরে দুটি খাম দেখতে পান। তিনি বুঝতে পারেন, খাম দুটিতে অর্থ রয়েছে। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে হারানো ওই অর্থের মালিককে খাম দুটি ফেরত দেওয়া হয়। এপি।