সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হরিণে যানজট নরওয়ের রাজধানী অসলোয় একটি হরিণের কারণে সড়ক ও রেল পরিবহনে গত শনিবার প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজট দেখা দিয়েছিল। অসলো থেকে সুইডেনে যাওয়ার প্রধান সড়কে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে একটি হরিণ উঠে আসে। একপর্যায়ে হরিণটি রেলের দীর্ঘ সুড়ঙ্গপথে ঢুকে পড়ে। এ সময় অসলো থেকে সব ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে হরিণের সন্ধানে তল্লাশি শুরু হয়। অসলো পুলিশের কর্মকর্তা টোর গোরটাম বলেন, দুপুরের দিকে হরিণটি পাওয়া যায়। এএফপি।অভিনব লটারি তাইওয়ানের উত্তরাঞ্চলীয় নিউ তাইপের সিটি শহরে সড়ক পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষ আগামী জুলাই থেকে অভিনব এক লটারি চালু করতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে স্থানীয় বাসিন্দাদের সংগ্রহ করতে হবে কুকুরের বর্জ্য। বিনিময়ে তাঁরা পাবেন লটারির টিকিট। ড্রয়ের পর প্রথম পুরস্কার বিজয়ীকে দেওয়া হবে দুই হাজার মার্কিন ডলার মূল্যের সোনা। এই প্রতিযোগিতা গত বছর প্রথম শুরু করা হয়। তখন এতে অন্তত ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল। এএফপি।