সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আটকমালয়েশিয়ায় সাইদ আবদুল্লাহ সাইদ হুসেইন আল-আত্তাস (৪৬) নামের এক ব্লগারকে গত বুধবার আটক করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা ২৬ বছর বয়সী এক নারীকেও আটক করা হয়। দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্য পুলিশের এক বিবৃতিতে গতকাল শুক্রবার জানানো হয়, ওই ব্লগার ‘আঙ্কেল সেকার্স’ নামে লিখতেন। তাঁর পোস্টগুলোতে জোহর রাজ্য সুলতানের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় সাইদকে আটক করা হয়। মালয়েশিয়ায় রাজা বা রানি আনুষ্ঠানিক পদের অধিকারী হলেও জনগণ বিশেষ করে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাঁরা অত্যন্ত সম্মানীয়। তাঁদের অপমান করা অপরাধের শামিল। এএফপি। ভূমিকম্পদক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভেনুয়াতুতে গতকাল শুক্রবার ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এ কথা জানায়। দ্বীপটির রাজধানী পোর্ট ভিলা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এ অঞ্চলটি অস্ট্রেলিয়া থেকে মাত্র এক হাজার ৭৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। জিও সায়েন্স অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ স্টিভ টাথাম জানিয়েছেন, দ্বীপটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও তা অস্ট্রেলিয়ার জন্য কোনো সুনামি-ঝুঁকি সৃষ্টি করছে না। এএফপি।অবৈধ অভিবাসীশ্রীলঙ্কার পুলিশ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ছোট দুটি নৌকায় করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর চেষ্টাকালে গত বৃহস্পতিবার রাতে ৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। পুলিশের মুখপাত্র আজিথ রোহানা গতকাল শুক্রবার এ কথা জানান। পূর্বাঞ্চলীয় জেলা বাত্তিকালোয়া থেকে তাদের আটক করা হয়। দলটিতে একজন নারী ও দুটি শিশুও ছিল। আটক ব্যক্তিরা সবাই শ্রীলঙ্কান বংশোদ্ভূত। চোরাকারকারীদের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষ প্রায়ই শ্রীলঙ্কা থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্র পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় অভিবাসী হওয়ার চেষ্টা চালিয়ে থাকে। এএফপি।মেরকেলের জনপ্রিয়তাজার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের জনপ্রিয়তা ২০০৯ সালের পুনর্নির্বাচিত হওয়ার পর বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। সরকারি এআরডি টেলিভিশনের জন্য করা ইনফ্রাটেস্ট ডিমাপ-এর এক জরিপের গতকাল প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। জরিপে ইউরো নিয়ে সৃষ্ট সংকট সমাধানে মেরকেলের ভূমিকার প্রতি প্রায় ৬০ শতাংশ জার্মান সমর্থন জানিয়েছে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের পর গত সোম থেকে বুধবার এক হাজার চারজনের ওপর এ জরিপ চালানো হয়। এ সম্মেলনে ইউরো-সংকট মোকাবিলায় মেরকেলের ভূমিকা নিয়ে কিছুটা সমালোচনা হওয়ার পরই এ জরিপের উদ্যোগ নেওয়া হয়। এএফপি।