সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বন্যায় মৃত ৮৪
পাকিস্তানে গত সপ্তাহের প্রবল বর্ষণজনিত বন্যায় বিভিন্ন এলাকায় মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গতকাল বুধবার জানায়, এ ছাড়া বন্যায় ৪৪ জন আহত ও অন্তত ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি ও বৃষ্টিতে পাকিস্তানজুড়ে দুই হাজার ৫৩৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। আগামী মাসেও দেশটিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বন্দর নগর করাচিতে বৃষ্টির পানি জমে দোকানপাট, বাড়িঘর ও বিভিন্ন ভবন প্লাবিত হয় এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এএফপি।
গঠনমূলক সংলাপ
যুক্তরাজ্যের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় জিব্রাল্টার সীমান্তে তল্লাশি-ব্যবস্থা কমানোর প্রস্তাব দিয়েছেন। এদিকে রাহয়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, জিব্রাল্টার নিয়ে স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। সীমান্ত দিয়ে পারাপার করা যানবাহনে ব্যাপক তল্লাশির কারণে পর্যটক ও স্থানীয় অধিবাসীদের চলাচলে বড় রকমের বিলম্ব ঘটায় কয়েক দিন ধরে স্পেন ও যুক্তরাজ্যের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিবিসি।
৬২ বিদ্রোহী নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে গতকাল বুধবার সরকারি বাহিনীর হামলায় অন্তত ৬২ জন বিদ্রোহী নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ব্যক্তিরা সবাই কট্টরপন্থী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের সদস্য। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, ‘সন্ত্রাসীরা’ একটি সেনাচৌকিতে আক্রমণের চেষ্টা করলে সেনারা হামলা চালান। এদিকে গুরুত্বপূর্ণ আলেপ্পো শহরে গতকাল দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই ছড়িয়ে চলে। এএফপি।
রাজি উত্তর কোরিয়া
অচলাবস্থার অবসান ঘটিয়ে কায়েসং শিল্প এলাকা খুলে দেওয়া হবে বলে উত্তর কোরিয়া গতকাল বুধবার ঘোষণা করেছে। তারা সেখানে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে। আলোচনায় অচলাবস্থার কারণে দক্ষিণ কোরিয়া কায়েসং বন্ধ রাখার ইঙ্গিত দেওয়ার পরপরই উত্তর কোরিয়া এ ঘোষণা দিল। রয়টার্স ও এএফপি।