সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বেগুনে আগুনপশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর পাইকারি হাটে গত শুক্রবার পাঁচ বেগুনচাষি এক হাজার কিলো বেগুন বিক্রি করতে আসেন। কিন্তু আড়তদারেরা প্রতি কেজি বেগুন এক টাকার বেশি দিয়ে কিনতে রাজি হননি। চাষিরা পাঁচ টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে চাইলেও সেই দাম দিতে রাজি হননি আড়তদারেরা। গত সপ্তাহে চাষিরা এই বেগুন বিক্রি করেছিলেন প্রতি কেজি ছয় টাকা দরে। আর এখনো বিভিন্ন বাজারে বেগুন প্রতি কেজি ১০-১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদস্বরূপ ওই পাঁচ চাষি রাস্তার ওপর বেগুন ছড়িয়ে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেন। কলকাতা প্রতিনিধি সাবেক বিদ্রোহীআগামী বছর ভারতে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করার জন্য সে দেশের ১৬ জন সাবেক তামিল বিদ্রোহীকে নির্বাচিত করা হয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র হারশা আবেইকুন গতকাল শনিবার এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জাতীয় ক্রীড়া দলে যোগ দেওয়ার জন্য তামিল বিদ্রোহীদের সংগঠন লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) সাবেক ১৩৫ বিদ্রোহী আগ্রহ দেখায়। গত মাসে বাছাই শেষে তাদের মধ্য থেকে দুই নারীসহ ১৬ জনকে নির্বাচিত করা হয়। এই দলে রাইফেল শুটিংয়ের জন্য পাওয়া গেছে চারজনকে। এএফপি।বিশেষ দূতযুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে জাতিসংঘের বিশ্ব শিক্ষাবিষয়ক দূত করা হচ্ছে। গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়। বিশেষ শিক্ষা দূত হিসেবে ব্রাউন জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে ২০১৫ সাল নাগাদ বিশ্বব্যাপী ছয় কোটি ১০ লাখ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার চেষ্টা চালাবেন। ব্রাউন বলেছেন, বিশ্বের প্রত্যেকটি শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী আগস্ট মাসে এশিয়া সফরে তিনি বান কি মুনের সফরসঙ্গী হবেন। এএফপি।