সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ইউনিফর্ম পরেইমার্কিন সেনা সদস্যরা প্রথমবারের মতো সামরিক পোশাক পরে সমকামীদের শোভাযাত্রায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন। আজ শনিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে আয়োজিত সমকামী শোভাযাত্রায় অংশ নেবেন তাঁরা। মার্কিন সেনাদের এত দিন প্রকাশ্যে সমকামী জীবনযাপনের অনুমতি ছিল না। গত বছরই এ নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয়। প্রতিরক্ষা বিভাগের ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি রেনে বারডোর্ফ জানান, সেনাবাহিনীর বর্তমান নীতিমালা অনুযায়ী এ বছরের সমকামী শোভাযাত্রায় বাহিনীর সমকামী সদস্যরা তাঁদের সেনা পোশাক পরেই তাতে অংশ নিতে পারবেন। বিবিসি। সিগারেটের বদলেযুক্তরাষ্ট্রে কলেজপড়ুয়া ধূমপায়ী তরুণীদের মধ্যে প্রতি চারজনের একজন হুক্কা টানেন। তাঁদের ধারণা, সিগারেটের চেয়ে হুক্কায় শরীরের কম ক্ষতি হয়। সাম্প্রতিক এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। মিরিয়াম হাসপাতালের সেন্টার ফর বিহেভিয়েরাল অ্যান্ড প্রিভেনটিভ মেডিসিন বিভাগের গবেষকেরা এই তথ্য জানান। গবেষণায় দেখা গেছে, যেসব তরুণী অ্যালকোহলে বেশি আসক্ত তাঁদের মধ্যে হুক্কা টানার প্রবণতা বেশি। পিটিআই।