সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
যুদ্ধবিমান বিধ্বস্তজাপানের উত্তরাঞ্চলীয় সমুদ্র উপকূলে গতকাল রোববার একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর বরাত দিয়ে জাপানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, রাজধানী টোকিও থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে নিমুরো উপকূলে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় এফ-১৬ জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়। সংবাদমাধ্যমটি অবশ্য দুর্ঘটনার বিস্তারিত আর কিছু জানায়নি। তা ছাড়া, উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকেও এ খবরের সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি। এএফপি।জঙ্গি দমন অভিযানপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জঙ্গিঘাঁটিগুলো লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী গতকাল রোববার বিমান হামলা চালিয়েছে। এতে ১৫ ব্যক্তি নিহত ও আরও কয়েকজন আহত হয়। সেনা কর্মকর্তারা জানান, উপজাতি অধ্যুষিত ওরাকজাই অঞ্চলের প্রত্যন্ত ঘালজো ও দাবোরি এলাকার চারটি গোপন ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তানি তালেবান সদস্যরা ঘাঁটিগুলো ব্যবহার করে থাকে। তবে নিরপেক্ষ সূত্র থেকে নিহত জঙ্গিদের এ সংখ্যার বস্তুনিষ্ঠতা যাচাই করা সম্ভব হয়নি। কয়েক মাস ধরে ওরাকজাই অঞ্চলে সেনাদের জঙ্গি দমন অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়। রয়টার্স।জেনারেল নিহততামাক চোরাকারবারিদের হামলায় তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা সার্ভিসের একজন শীর্ষস্থানীয় জেনারেল নিহত হয়েছেন। নিজের গাড়িতে চড়ে যাওয়ার সময় শনিবার রাতে চোরাকারবারিদের একটি দল তাঁর ওপর হামলা চালায়। তারা তাঁকে গাড়ি থেকে বের করে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। গতকাল রোববার কর্মকর্তারা এ খবর জানান। আবদুল্লো নাজারভ (৫৬) নামের এই সেনা কর্মকর্তা দেশটির স্টেট কমিটি ফর ন্যাশনাল সিকিউরিটির (সাবেক কেজিবি) উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। এএফপি।বাস দুর্ঘটনাভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ভূমিধসের কারণে যাত্রীবাহী একটি বাস গিরিখাদে পড়ে অন্ততপক্ষে ১৮ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। পুলিশ কর্মকর্তা এল আর সেইলো গতকাল রোববার বলেন, রাজ্যের রাজধানী থেকে প্রায় এক শ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তবর্তী কেইফাং গ্রামের কাছে শনিবার ওই দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় ১৭ জন। এ ছাড়া, ১০ বছরের এক বালককে হাসপাতালে নেওয়ার পর সেও মারা যায়। রয়টার্স।