সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অভিযুক্তচীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি থেকে সাময়িকভাবে বহিষ্কৃত নেতা বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে খুনের অভিযোগে অভিযুক্ত করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়। গত বছরের ১৫ নভেম্বর চীনের চংকিং এলাকার একটি হোটেলে ব্রিটিশ ব্যবসায়ী নিল হেউড খুন হন। স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, অতিরিক্ত মদ্যপানে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কিন্তু গত এপ্রিলে সরকার জানায়, ব্রিটিশ ওই ব্যবসায়ীকে হত্যায় বো শিলাইয়ের স্ত্রী জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। বিবিসি।অনাস্থা ভোটবুলগেরিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর গতকাল বৃহস্পতিবার চতুর্থবারের মতো সংসদের আনা অনাস্থা প্রস্তাবে জয়ী হয়েছে। বিচার বিভাগ সংস্কার এবং দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের শাস্তিদানে ব্যর্থতার অভিযোগে সরকারের বিরুদ্ধে দেশটির সংসদে এই অনাস্থা প্রস্তাব আনা হয়। প্রধানমন্ত্রী বইকো বোরিসভের সরকার তিন বছর আগে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে চতুর্থবারের মতো অনাস্থা ভোটের মুখোমুখি হলো। ৭২ জন আইনপ্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে এবং ১২১ জন এর বিপক্ষে ভোট দেন। রয়টার্স।জঙ্গিদের সঙ্গে লড়াইফিলিপাইনে সরকারি বাহিনীর সঙ্গে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত দেশটির মুসলিম জঙ্গি সংগঠন আবু সায়েফের লড়াইয়ে সাত সেনা ও চার জঙ্গি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় বাসিলান দ্বীপে এ সংঘর্ষ হয়। এতে তিন সেনা ও দুই জঙ্গিও আহত হয় বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। বাসিলান ফিলিপাইনের জঙ্গি সংগঠন আবু সায়েফের একটি শক্ত ঘাঁটি। এএফপি।ভূমিকম্পতাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মুরঘব থেকে ২২ কিলোমিটার দূরে এবং ভারত মহাসাগরের মৌরিতাস দ্বীপে গতকাল বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, তাজিকিস্তানে ৫ দশমিক ৩ ও মৌরিতাসে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে দুটি স্থানেই কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এএফপি।