সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সমাধিক্ষেত্রে ভাঙচুরফকল্যান্ড দ্বীপে আর্জেন্টিনার সেনাদের একটি সমাধিক্ষেত্রে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ওই স্থানে দুই শতাধিক সেনার কবর রয়েছে। সমাধিক্ষেত্রটিতে কুমারী মেরির মূর্তি রক্ষায় যে কাচ ব্যবহার করা হয়েছিল তা ভেঙে চূর্ণবিচূর্ণ করে ফেলা হয়েছে। অবশ্য সমাধিক্ষেত্রটিতে সংস্কারকাজের জন্য মূর্তিটি আগেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ফকল্যান্ডের সরকার ওই ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে। নিহত সেনাদের পরিবারগুলো এ ঘটনাকে ‘ধর্মদ্রোহমূলক কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে। বিবিসি। ৭ জঙ্গি নিহতপাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওরাকজাই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে সাত জঙ্গি নিহত হয়েছে। দেশটির সরকারি সূত্র এ কথা জানিয়েছে। সূত্র জানায়, ওরাকজাইয়ের দাবোরি এলাকায় ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। ওই এলাকায় সাংবাদিক ও ত্রাণকর্মীদের প্রবেশাধিকার খুবই সীমিত। তাই হতাহতের বিষয়টি নিরপেক্ষভাবে নিশ্চিত করা সম্ভব নয়। নিরাপত্তা সূত্রগুলো জানায়, সামরিক বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের কাছ থেকে ওই এলাকার ৯২ ভাগের নিয়ন্ত্রণ নিয়েছে। অবশ্য কিছু কিছু এলাকায় জঙ্গিদের ছোট ছোট প্রতিরোধ রয়েছে। এএফপি।ভাঙচুর করায়...ফিল্মসেটে ভাঙচুর করার ঘটনায় ভারতে ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) একজন গুরুত্বপূর্ণ নেতাও রয়েছেন। পুলিশ জানায়, চলচ্চিত্র নির্মাতা রোহান সিপাইয়ের একটি ফিল্মসেট মুম্বাইয়ের শহরতলি বোরিভালি এলাকায় গেলে এমএনএসের কর্মীরা তাতে আক্রমণ করেন। এ সময় অভিনেতা জন এব্রাহামের একটি গাড়িও ভাঙচুর করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এমএনএস করপোরেটর প্রকাশ দারেকার, যিনি রাজ্য সরকারের বিধায়ক প্রবীণ দারেকারের ভাই। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, বেআইনি সমাবেশ, দাঙ্গা ও সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। এনডিটিভি।