সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বোমা বিস্ফোরণ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত খাইবার এজেন্সির বারা জেলায় গতকাল সোমবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় একটি বাড়িতে মর্টারের গোলার আঘাতে ছয়জন আহত হয়েছে। ধারণা করা হয়, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার এজেন্সিতে তালেবান ও আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর শক্ত ঘাঁটি রয়েছে। পাকিস্তানে ২০০৭ সালের জুলাই থেকে এ পর্যন্ত জঙ্গিরা চার হাজার ৮০০ মানুষকে হত্যা করেছে। ডন।রহস্যজনক মৃত্যু!ভারতের হরিয়ানা রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী চান্দেরমোহনের স্ত্রী ফিজা মোহাম্মদের লাশ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার চণ্ডীগড়ের বাসভবন থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, চার-পাঁচ দিন আগে ফিজার মৃত্যু হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ২০০৮ সালে চান্দেরমোহনকে বিয়ে করে রাজ্যের সাবেক আইন কর্মকর্তা ফিজা বেশ আলোচিত হন। বিয়ের আগে ফিজার নাম ছিল অনুরাধা বালি। পিটিআই। চালককে হত্যাপাকিস্তানের উপজাতি-অধ্যুষিত খাইবার এজেন্সির জমরুদ এলাকায় গতকাল সোমবার ন্যাটোর রসদ বহনকারী ট্রাকের এক চালককে বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। দুই সপ্তাহের মধ্যে ওই এলাকায় গুলি করে হত্যার এটি দ্বিতীয় ঘটনা। স্থানীয় কর্মকর্তারা জানান, তিনজন বন্দুকধারী একটি জিপ থেকে ন্যাটোর ট্রাক লক্ষ্য করে গুলি ছুড়লে ওই চালক নিহত হন। আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ তোরখাম সাত মাস বন্ধ রাখার পর গত শনিবার খুলে দেয় পাকিস্তান। এএফপি।