সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডসুইডেনের নাগরিক অ্যানি ডিওয়ানিকে হত্যার অপরাধে দক্ষিণ আফ্রিকায় এমজিওয়ামাদোদা কুয়াবে নামের এক ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড হয়েছে। কেপটাউনের একটি আদালত গতকাল বুধবার এই রায় দেন। খুন, অপহরণ, ডাকাতি ও অবৈধ অস্ত্র বহনের দায়ে এমজিওয়ামাদোদাকে অভিযুক্ত করা হয়। ২০১০ সালের নভেম্বরে কেপটাউনে অ্যানি ডিওয়ানিকে অপহরণ ও খুন করা হয়। ওই হত্যাকাণ্ডে তাঁর স্বামী শ্রিয়েন ডিওয়ানিও জড়িত ছিলেন। তাঁকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারের জন্য দক্ষিণ আফ্রিকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এএফপি।পুরস্কার ঘোষণাজিম্বাবুয়েতে অবাধ নির্বাচন আয়োজনের চেষ্টায় নিয়োজিত নেতাদের পুরস্কৃত করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। জিম্বাবুয়েতে সম্প্রতি অনুমোদিত খসড়া সংবিধান অনুযায়ী পাঁচ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সহায়তার জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার প্রতি আহ্বান জানান হিলারি। প্রেসিডেন্ট রবার্ট মুগাবের অধীন জিম্বাবুয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দীর্ঘদিন ধরে অবরোধ আরোপ করে রেখেছে। এসব অবরোধ প্রত্যাহারের জন্য জিম্বাবুয়েতে রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণের শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এএফপি।যুদ্ধের প্রভাবসুদান ও দক্ষিণ সুদানের লড়াইয়ে অন্তত সাড়ে ছয় লাখ মানুষ বাড়িছাড়া অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত নতুন চুক্তির ফলে লোকজন বাড়ি ফিরতে পারবে বলে জাতিসংঘ আশা প্রকাশ করেছে। সাউথ কোর্দোফান ও ব্লু নাইল যুদ্ধক্ষেত্রে মানবিক বিপর্যয়ের ফলে কয়েক মাস ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘ। তবে জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও আরব লিগের সঙ্গে সুদান গত রোববার একটি সমঝোতায় এসেছে। ফলে সুদানের যুদ্ধকবলিত বিভিন্ন এলাকায় মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে বিদেশি সংস্থাগুলো যাতায়াতের সুযোগ পাবে। এএফপি।