সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রমনির ভুল!নির্বাচনী প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার আইওয়া রাজ্যের একটি অনুষ্ঠানে উইসকনসিনে শিখদের গুরুদুয়ারায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করতে চেয়েছিলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। তবে ভুলক্রমে তিনি ‘শিখ মন্দির’কে ‘শেখ মন্দির’ বলে উল্লেখ করেন। অবশ্য তাৎক্ষণিকভাবে তিনি বুঝতে পারেননি। তবে শ্রোতাদের মধ্যে একটু বেশি রকমের নীরবতা দেখে কিছুক্ষণের মধ্যেই তাঁর ভুল ভাঙে। পরে রমনির মুখপাত্র বিষয়টিকে উচ্চারণের ভুল হিসেবে ব্যাখ্যা করেন। পিটিআই।তিন সেনা নিহতফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মারাউয়ি শহরে বন্দুকধারীদের হামলায় তিন সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার আঞ্চলিক সেনা ব্যাটালিয়নের কমান্ডার জানান, বুধবার রাতে মারাউয়িতে পাহারা দেওয়ার সময় সেনাবাহিনীর একটি ট্রাক লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুড়তে থাকে। এ সময় সেনারাও পাল্টা গুলি ছোড়েন। প্রায় আধ ঘণ্টার বন্দুকযুদ্ধে এক শিশু ও তিন সেনা নিহত হন। আহত হন আরও ১০ জন। এএফপি। শিল্পী গ্রেপ্তারযুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী র্যান্ডি ট্র্যাভিসকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গ্রেসন কাউন্টির শেরিফের কার্যালয় জানায়, গত মঙ্গলবার মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে ট্র্যাভিস (৫৩) দুর্ঘটনায় পড়েন। পরে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে তাঁকে বিবস্ত্র অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি নিরাপত্তা কর্মকর্তাদের হত্যার হুমকি দেন। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে ট্র্যাভিসকে গ্রেপ্তার করা হয়েছিল। বিবিসি।