সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গাধা বোমা! পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় গত বৃহস্পতিবার গাধার শরীরে বেঁধে রাখা একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছে। গতকাল এক কর্মকর্তা এ কথা জানান। কর্মকর্তা জানান, ওরাকজাইর মিষ্টিমেলা গ্রামে এই হামলা চালানো হয়। আধা স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চলের সাতটি জেলার একটি ওরাকজাই। ওয়াশিংটন এলাকাটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান এবং আল-কায়েদার বৈশ্বিক সদর দপ্তর বলে চিহ্নিত করেছে। এএফপি।নতুন কমান্ডার আফগানিস্তানে ন্যাটোর যৌথবাহিনীর প্রধান (কমান্ডার) হিসেবে জোসেফ ডানফোর্ডের নাম ঘোষণা করা হয়েছে। তাঁকে ওই পদে গত বুধবার মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জেনারেল অ্যালেনের স্থলাভিষিক্ত হবেন ডানফোর্ড। তিনি আফগানিস্তানে ডেপুটি মেরিন কমান্ডার হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন। দেশটি থেকে বিদেশি সেনাদের ২০১৪ সালের শেষ নাগাদ পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে। জেনারেল অ্যালেনকে ন্যাটোর ইউরোপীয় শাখার কমান্ডার নিযুক্ত করা হয়েছে। মার্কিন সিনেটের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ দেওয়া হয় বলে ওবামা এক বিবৃতিতে জানিয়েছেন। আল-জাজিরা।