সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সেরে উঠছেন চাভেজভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শরীরে অস্ত্রোপচারের সময় ব্যাপক রক্তক্ষরণ হয়েছিল। তবে এখন তিনি সেরে উঠছেন। গতকাল শুক্রবার ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী আর্নেস্তো ভিলেগা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট চাভেজের সেরে ওঠার জন্য ‘পর্যাপ্ত সময়’ দরকার। কারণ তাঁর শরীর থেকে ক্যানসারবাহী টিস্যু অপসারণে অস্ত্রোপচারটি ছিল খুবই জটিল ও ঝুঁকিপূর্ণ। চাভেজের রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বানও জানান। গত মঙ্গলবার কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চাভেজের অস্ত্রোপচার হয়। বিবিসি।মোবারকের সম্পত্তি জব্দমিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের তিন কোটি ৬৫ লাখ ডলার মূল্যের সম্পত্তি জব্দ করেছে স্পেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিসরের সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মোবারক ও তাঁর সহযোগীদের সম্পত্তি জব্দ করা হয়। এসব সম্পত্তির মধ্যে রয়েছে মাদ্রিদের পার্শ্ববর্তী লা মোরালেজা অভিজাত এলাকার দুটি বাড়ি, ভূমধ্যসাগরীয় মারবেলা সমুদ্রসৈকতের সাতটি স্থাবর সম্পত্তি, তিনটি ব্যাংকে গচ্ছিত রাখা আর্থিক সম্পদ এবং বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। আল-জাজিরা।