সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিমান হামলায়সিরিয়ার ইদলিব প্রদেশের সালকিন শহরে গতকাল সোমবার বিমান হামলায় পাঁচ শিশুসহ ১২ জন নিহত হয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিমান থেকে শহরের কয়েকটি ভবনে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ভবনগুলোয় ৩০ জনের মতো লোক বসবাস করত। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। অন্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এএফপি।জাদুঘর চালু চীনের বাণিজ্যিক নগর সাংহাইতে গতকাল সোমবার নতুন দুটি শিল্পকর্মের জাদুঘর চালু করা হয়েছে। শিল্পসমৃদ্ধ নগর হিসেবে নিউইয়র্ক ও প্যারিসের সঙ্গে পাল্লা দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১০ সালে বিশ্ব বাণিজ্য মেলার কেন্দ্রস্থল সাংহাইয়ের চায়না প্যাভিলিয়নে চায়না আর্ট মিউজিয়ামের দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মিউজিয়ামে শুধু প্রদর্শনীর জন্যই রয়েছে ৬৪ হাজার বর্গমিটার জায়গা। এ ছাড়া ‘পাওয়ার স্টেশন অব আর্ট’ নামে আরও একটি মিউজিয়ামও চালু করা হয়েছে। এএফপি।