সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পাইলট বরখাস্ত ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি উড়োজাহাজকে নির্ধারিত বিমানবন্দরের পরিবর্তে ভুলবশত অন্য একটি বিমানবন্দরে অবতরণ করেছেন পাইলট। এ জন্য শাস্তি হিসেবে উড়োজাহাজের ওই চালককে বরখাস্ত করা হয়েছে। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান গতকাল সোমবার বলেন, শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটি পাদাং শহরের মিনাংকাবাউ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু চালক ১২ কিলোমিটার দূরে বিমানবাহিনীর তাবিং ঘাঁটিতে সেটি অবতরণ করায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সুমাত্রা প্রদেশের মেদান থেকে বিমানটি ৯৬ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে গত শনিবার পেদাং শহরে যাচ্ছিল। এএফপি।৪২টি গন্ডারের মৃত্যুভারতের আসাম রাজ্যের কাজিরাঙা অভয়ারণ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪২টি গন্ডার মারা গেছে। এর মধ্যে ১৪টি চোরা শিকারিদের হামলায় ও ২৮টি সাম্প্রতিক বন্যায় মারা যায়। এক শিংওয়ালা গন্ডারের কাজিরাঙা অভয়ারণ্যের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। অভয়ারণ্যের পরিচালক এন কে ভাসু বলেন, কাজিরাঙায় বর্তমানে দুই হাজার ১৯১টি গন্ডার রয়েছে। চোরা শিকারিরা এসব গন্ডারের শিং চড়া দামে বিদেশে পাচার করে। বনরক্ষীরা ১৫ জন চোরা শিকারিকে চলতি বছর গ্রেপ্তার করেছেন। কলকাতা প্রতিনিধি।