সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বন্ধুকে দেখতে...দক্ষিণ আফ্রিকার বিমানবাহিনীর একজন পাইলট উড়োজাহাজ ‘ধার করে’ প্রতিবেশী দেশের এক বন্ধুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এ জন্য তিনি একটি উড়োজাহাজ ধারও করেছিলেন। তবে বতসোয়ানায় পৌঁছানোর আগেই কর্তৃপক্ষ উড়োজাহাজটি অবতরণে বাধ্য করেন। গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এর আগেও লে. বুলওয়ানা নামের ওই পাইলট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই উড়োজাহাজ উড়িয়েছিলেন। এএফপি।বৃহত্তম শবযানচেক প্রজাতন্ত্রের একটি জাদুঘরে উনিশ শতকের একটি রাজকীয় ঘোড়ায় টানা শবযান দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে বড় শবযান। ১৮৯৫ সালে চেক শিল্পী ভাকলাভ ব্রোজিক আট ঘোড়ার ওই বিশাল শবযান তৈরি করেছিলেন। এর উচ্চতা চার মিটার এবং দৈর্ঘ সাড়ে ছয় মিটার। ওজন প্রায় তিন টন। ২০০৯ সালে ভাকলাভ ওবর নামের এক কাঠমিস্ত্রি রাজধানী প্রাগের ২২০ কিলোমিটার দূরে একটি শহরে জাদুঘরটি চালু করেন। পরে তিনি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে শবযানটির মেরামত করান। এএফপি। ২৯ শিশুর মৃত্যুভারতের পশ্চিমবঙ্গের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ছয় দিনে ২৯টি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ওজন কম, অপুষ্টি ও বিভিন্ন সংক্রমণে এসব শিশুর মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়া শিশুদের অভিভাবকদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণে ওই শিশুগুলোর মৃত্যু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ওই হাসপাতালে ২০টি এবং অক্টোবরে ৫৪টি শিশুর মৃত্যু হয়েছিল। কলকাতা প্রতিনিধি।