সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কফির কাপ দিয়ে

স্বামীর প্রতারণায় ক্ষিপ্ত হয়ে কফির কাপ দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছেন জাপানের এক নারী। গত রোববার বিকেলে টোকিওর দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। ৬১ বছর বয়সী ইমিকো হিরোস তাঁর স্বামী ইয়াসুয়ো হিরোসের সঙ্গে অন্য নারীর সম্পর্কের কথা জানতে পেরে কফির কাপ দিয়ে ক্রমাগত তাঁর মুখে ও মাথায় আঘাত করতে থাকেন। এএফপি

তেলাপোকার পলায়ন

চীনের একটি খামার থেকে অন্তত ১০ লাখ তেলাপোকা পালিয়েছে। পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের ডাফেং শহরের একটি খামারে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রথাগত ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য ওই খামারে তেলাপোকাগুলো চাষ করা হচ্ছিল। খমারে তেলাপোকাগুলোকে যে প্লাস্টিকের গ্রিনহাউসে রাখা হয়েছিল, কোনো অজ্ঞাতব্যক্তি সেটি নষ্ট করে ফেলে। এই সুযোগে তেলাপোকাগুলো সেখান থেকে বের হয়ে পাশের যবখেতে ঢুকে পড়ে। পতঙ্গগুলোকে মেরে ফেলার একটা উপায় খুঁজে বের করতে সেখানে তিনজন তদন্তকর্মী পাঠিয়েছে রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এএফপি

বিমানের চাকায়

বিমানের চাকার গর্তে লুকিয়ে থেকে জীবিত অবস্থায় বেনিন থেকে নাইজেরিয়া পৌঁছেছে এক কিশোর। ডেনিয়েল ইহেকিনা নামের ওই কিশোর বেনিনের একটি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানের চাকার গর্তে ঢুকে পড়ে। প্রায় আধা ঘণ্টার যাত্রা শেষে বিমানটি নাইজেরিয়ার লাগোসে পৌঁছায়। তখন ওই কিশোরকে চাকার গর্ত থেকে বেরিয়ে আসতে দেখে যাত্রীরা বিমানের কর্মীদের জানান। এয়ারলাইনসের মুখপাত্র ওলা অ্যাদেবানজি জানান, ছেলেটি খুব ভাগ্যবান, এ জন্য বেঁচে গেছে। কেননা, এর আগে যারা এমন চেষ্টা করেছে, তাদের বেশির ভাগই মারা গেছে। রয়টার্স।

মুলায়মের সমর্থন

ভারতের সমাজবাদী পার্টির (এসপি) প্রধান মুলায়ম সিং যাদব বিশ্ব হিন্দু পরিষদের অযোধ্যা যাত্রা কর্মসূচি বন্ধে উত্তর প্রদেশ সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভোটব্যাংকের রাজনীতি করছে—এমন  অভিযোগ এনে মুলায়ম সিং গতকাল সোমবার লোকসভায় বলেন, সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলছে সরকার। অভিযোগ অস্বীকার করে বিজেপির সাংসদ যোগী আদিত্য নাথ বলেন, গত রোববার হিন্দু তীর্থযাত্রীদের কর্মসূচিতে বাধা দিয়ে সরকার অন্যায় করেছে। টাইমস অব ইন্ডিয়া।

প্রতিদিন ৩৯

ভারতে প্রতিদিন রেললাইনে কাটা পড়ে গড়ে ৩৯ জন মানুষের মৃত্যু হয়। অধিকাংশ ব্যক্তির মৃত্যু হয় রেললাইন পার হওয়ার সময়। এই হিসাবে ২০০৯ থেকে ২০১২—এই চার বছরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৫০ হাজার মানুষের। ভারতের রেল মন্ত্রণালয়ের দেওয়া হিসাব থেকে পাওয়া গেছে এসব তথ্য। কলকাতা প্রতিনিধি।