সংক্ষেপ
বিতর্কে রানি
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর মা একসঙ্গে হিটলারি কায়দায় স্যালুট দিচ্ছেন। সঙ্গে আছেন তাঁদের চাচা প্রিন্স এডওয়ার্ড। যুক্তরাজ্যের ডেইলি সান পত্রিকায় গত শনিবার এমন একটি ভিডিও প্রকাশের পর এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজপরিবার বলেছে, এটা খুব দুঃখজনক। ভিডিওটি ধারণ করা হয় ১৯৩৩ অথবা ১৯৩৪ সালে। এলিজাবেথের বয়স তখন সাত বছর। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে এটি ধারণ করা হয়। ভিডিওতে এডওয়ার্ডের সঙ্গে এলিজাবেথ, তাঁর মা এবং ছোট বোন মার্গারেটকে একইভাবে হিটলারি কায়দায় স্যালুট দিতে দেখা যায়।
দ্য সান
ক্ষমা প্রার্থনা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বন্দী মার্কিন সেনাদের দাস হিসেবে ব্যবহার করার ঘটনায় ক্ষমা চেয়েছে জাপানের মিতসুবিশি ম্যাটেরিয়ালস করপোরেশন। গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি জাদুঘরে এক বিশেষ অনুষ্ঠানে পূর্বসূরি প্রতিষ্ঠান মিতসুবিশি মাইনিং কোম্পানির হয়ে মিতসুবিশি ম্যাটেরিয়ালসের এক প্রতিনিধি এই ক্ষমা প্রার্থনা করেন। এ সময় করপোরেশনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিকারু কিমুরা বলেন, ‘আমাদের অতীতের দুঃখজনক বিষয়গুলোর জন্য আজ আমরা অনুতপ্ত-হৃদয়ে ক্ষমা প্রার্থনা করছি।’
এএফপি
ঐতিহাসিক চুক্তি
চীন ও তাইওয়ান এক ঐতিহাসিক পানি চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তির ফলে চীন তার মূল ভূখণ্ড থেকে বৈরী এই প্রতিবেশী দেশের কিনমেন কাউন্টির মানুষের জন্য পানি সরবরাহ করবে। চুক্তিটিকে দুই দেশের সম্পর্কের উন্নতির একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কিনমেনের কাউন্টি ম্যাজিস্ট্রেট চেন ফু-হাই বলেন, দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই চুক্তি একটি ঐতিহাসিক ভূমিকা রাখবে। পানির প্রকল্পটির জন্য চীনের ফুজিয়ান থেকে কিনমেন পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটারের একটি পাইপলাইন স্থাপন করা হবে।
এএফপি