সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছেন মে!

যুক্তরাজ্যের নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপ বলছে, প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছেন। কনজারভেটিভ পার্টি মোট ৩১৪টি আসন পাবে বলে আভাস দিয়েছে এই জরিপ। এর আগে গত তিনটি নির্বাচনে বুথ ফেরত জরিপের আভাস সত্য বলে প্রমাণিত হয়।
লেবার পার্টি এই নির্বাচনে আসন হারাবে বলে মনে করা হলেও বুথ ফেরত জরিপ বলছে, দলটি অনন্ত ৩৪টি আসন বেশি পাবে। তাদের মোট আসন হবে ২৬৬। স্কটিশ জাতীয়তাবাদী দল এসএনপি ৩৪টি এবং লিবারেল ডেমোক্র্যাটস দল ১৪টি আসন পাবে বলে আভাস দিচ্ছে বুথ ফেরত জরিপ।
৬৫০ সদস্যবিশিষ্ট ব্রিটিশ হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬ আসন। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের দখলে ছিল ৩৩১ আসন। কিন্তু ব্রেক্সিট বাস্তবায়ন প্রশ্নে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে প্রধানমন্ত্রী থেরেসা মে মধ্যবর্তী এই নির্বাচন দেন। ধারণা ছিল অন্তত এক শ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থেরেসা মে ক্ষমতায় ফিরবেন। এখন বুথ ফেরত জরিপ দলটির এককভাবে ক্ষমতায় ফেরা নিয়েই আশঙ্কা জাগিয়ে দিয়েছে।
২০১৫ সালের নির্বাচনে বুথ ফেরত জরিপে কনজারভেটিভ দল ৩১৬টি আসন পাবে বলে আভাস দিলেও শেষ পর্যন্ত দলটি ৩৩১টি আসন পেয়েছিল। গতবারের ঘটনার পুনরাবৃত্তি যদি না ঘটে তাহলে থেরেসা মে কে জোট করে সরকার গঠন করতে হবে।
ভোট দিয়ে বুথ থেকে বের হওয়া মানুষদের মধ্যে চালানো হয় বুথ ফেরত জরিপ। বিভিন্ন আসনের ২০ হাজার ভোটারের ওপর এ জরিপ চালানো হয়।
প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁর প্রত্যাশিত বিজয় পাবেন কি-না সেদিকেই সবার দৃষ্টি। কারণ, নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা ছাড়াই থেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে হুট করেই এই মধ্যবর্তী নির্বাচন দিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটার ছিলেন প্রায় ৪ কোটি ৯ লাখ। ব্রিটিশ পার্লামেন্টর নিম্নকক্ষ হাউস অব কমন্সের মোট ৬৫০ আসনের বিপরীতে এবার মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৩০৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইংল্যান্ডে ৫৩৩, স্কটল্যান্ডে ৫৯, ওয়েলসে ৪০ এবং নর্দান আয়ারল্যান্ডে ১৮টি আসন রয়েছে। সবগুলো আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো দল এককভাবে ৩২৬টি আসন পেলেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা।
মাত্র দুই বছরের ব্যবধানে এটি যুক্তরাজ্যে তৃতীয় জাতীয় নির্বাচন। ২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ দল ৩৩০টি আসন পেয়ে এককভাবে ক্ষমতায় ফেরে। এরপর ২০১৬ সালের জুনে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকা নিয়ে অনুষ্ঠিত হয় গণভোট। ওই গণভোটে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউতে থাকার পক্ষে ছিলেন। জনগণ বিচ্ছেদের পক্ষে রায় দিলে ক্যামেরন পরাজয় মেনে পদত্যাগ করেন। যার ফলে প্রধানমন্ত্রী হন থেরেসা মে। ওই গণভোটের রায় বাস্তবায়নে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে থেরেসা মে ইচ্ছায় এই মধ্যবর্তী নির্বাচন।