কলকাতার কাছেই উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা আসনটি বাংলাদেশ সীমান্তঘেঁষা। সীমান্তের ওপারে সাতক্ষীরা। বসিরহাটের আসনটি ঘিরে এবারের নির্বাচনে বাড়তি কৌতূহল। কারণ, সংখ্যালঘু ভোট। পশ্চিমবঙ্গের নির্বাচনে মোট ৪২টি আসনের মধ্যে ৪২টিতেই এবার বিজেপি প্রার্থী দিয়েছে। গুজরাট দাঙ্গার নায়ক নরেন্দ্র মোদি এবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এ অবস্থায় পশ্চিমবঙ্গের মুসলমান ভোট কোন দিকে ঝুঁকছে, তা বোঝার একটা জায়গা অবশ্যই বসিরহাট। কারণ, সংখ্যালঘু-অধ্যুষিত আসনের প্রায় ১৫ লাখ ভোটারের ৬৭ শতাংশই মুসলমান।
কদিন আগে বসিরহাটেই বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে নিয়ে দলীয় কর্মীরা প্রথম নির্বাচনী মিছিল বের করেন। সঙ্গে ছিলেন শ দুয়েক দলীয় কর্মী। কিন্তু মিছিল কয়েক পা এগোতেই দৃশ্যটা বদলে যেতে লাগল। বসিরহাটের বাসিন্দা প্রত্যক্ষদর্শী নির্মল বাবু (পুরো পরিচয় দিতে আপত্তি রয়েছে তাঁর) দেখেন, রাস্তার দুই ধারের দোকানপাট ছেড়ে দোকানদারেরা এসে প্রার্থীকে মালা পরিয়ে দিচ্ছেন, কেউ কেউ মিছিলে যোগ দিচ্ছেন। এভাবেই পদযাত্রা যখন শেষ হলো, তখন তা রূপ নিয়েছে কয়েক হাজার মানুষের মিছিলে।
পরে শমীক ভট্টাচার্য জানালেন, এলাকায় অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তিনি। এখানে হিন্দুরাও মুসলমানদের মতোই সংঘবদ্ধ হচ্ছে। হিন্দুদের ৯০ শতাংশ (মোট ভোটের ৩৩ শতাংশ) ভোটই তাঁর ঝুলিতে পড়বে বলে তিনি আশাবাদী।
কিন্তু গত লোকসভা নির্বাচনে মোট ১২ লাখ ভোটের মধ্যে মাত্র ৭০ হাজার ভোট পেয়েছিল বিজেপি। মোদি হাওয়ায় ভর করে এবার বিজেপির ভোট সাড়ে তিন লাখ ছাড়িয়ে যাবে বলে আশাবাদী শমীক ভট্টাচার্য।
বিজেপির ভোট যে এবার অনেকটাই বাড়বে, তা সব দলের নেতারাই স্বীকার করে নিচ্ছেন। বামপন্থী থেকে তৃণমূল কংগ্রেস, প্রধান দুই পক্ষেরই চিন্তা, তাদের হিন্দু ভোট কতটা কেটে নেবে বিজেপি। বামপন্থীদের হয়ে বসিরহাটের নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত সিপিএমের নেতা নিরঞ্জন সাহার স্বীকারোক্তি, বিজেপির ভোট অবশ্যই বাড়বে, তাতে কোন দলের কতটা ভোট কাটবে, সেটাই ভাবছি।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইদ্রিস আলী জানালেন, আমি এখন শুধুই ঘুরে ঘুরে বাসন্তী পূজার অনুষ্ঠানে হাজিরা দিচ্ছি, জনসংযোগ বলুন, প্রচার বলুন—সবই হচ্ছে।
বসিরহাট এলাকায় এখন বাসন্তী পূজার এতই ধুমধাম যে কদিন ধরে মেলা বসে যায়। রাত পর্যন্ত ভিড়, পূজা প্রাঙ্গণে জলসা—সব মিলিয়ে অনেকটা দুর্গাপূজার চেহারা নেয়। হিন্দু ভোট যাতে সব গিয়ে বিজেপির থলিতে জমা না হয়, সে জন্য ইদ্রিস আলীকেও বাসন্তী পূজাকে গুরুত্ব দিতে হচ্ছে।
২০০৯ সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে তৃণমূলের হাজি নুরুল ইসলাম মাত্র ৬০ হাজার ভোটে সিপিআইয়ের ইন্দ্রজিৎ গুপ্তকে হারিয়েছিলেন। এবার নুরুল ইসলামকে মমতা সেখান থেকে সরিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রার্থী করেছেন। তাঁর জায়গায় তৃণমূলের প্রার্থী হয়েছেন কলকাতার ইদ্রিস আলী। গতবার তৃণমূলের হাজি নুরুল ইসলাম সিপিআই প্রার্থীকে হারিয়ে দেন। এমনিতে বসিরহাটে বামপন্থীরা দীর্ঘদিন ধরেই হিন্দু প্রার্থী দাঁড় করিয়ে জিতে এলেও এবারই প্রথম মুসলমান সমাজের প্রতিনিধিকে দাঁড় করিয়েছে। তাঁর নাম নুরুল হুদা, প্রায় ৭০ বছরের এই সিপিআই নেতা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কংগ্রেসের প্রার্থী আবদুর রহিম। প্রধান চার প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে একমাত্র বিজেপির শমীক ভট্টাচার্য ছাড়া বাকিরা মুসলমান সমাজের প্রতিনিধি।
পঞ্চাশের দশকের গোড়ার দিকে তেভাগা আন্দোলন হয়েছিল এখানেও। আর সেই সুবাদে এই এলাকা দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির প্রার্থীকে জিতিয়ে এসেছে। কিন্তু গত পাঁচ বছরে অবস্থা অনেকটাই বদলেছে।
খাতা-কলমে এখানকার লড়াইটা চতুর্মুখী হলেও আসলে লড়াই হচ্ছে ত্রিমুখী। মিনা খাঁ, হাসনাবাদ, টাকি ও বসিরহাট এলাকা ঘুরে এটা স্পষ্ট চোখে পড়ল, কংগ্রেসের উপস্থিতি এখানে নামেমাত্র। কংগ্রেসের যে কয়েকটি নির্বাচনী অফিস চোখে পড়েছে, তা সবই তালাবদ্ধ। দেয়াললিখনেও বাকি তিন দলের তুলনায় তারা অনেক পিছিয়ে।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে যে পালাবদলের শুরু, তাতে আর বসিরহাট ধরে রাখতে পারেনি বামফ্রন্ট। গত পাঁচ বছরে বামফ্রন্টের শিবিরে ভাঙন ধরেছে অনেক। সিপিএম নেতা নিরঞ্জন বাবুর স্বীকারোক্তি, ‘পুরোনোরা অনেকেই নেই। জলকর, ইটভাটা ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত যেসব মানুষ এত দিন ক্ষমতায় থাকার সুবাদে আমাদের সঙ্গে ছিলেন, তাঁরা চলে গেছেন তৃণমূলের দিকে। আর আমাদের কাজে ক্ষুব্ধ হয়ে অনেক মানুষ হাত গুটিয়ে বসে পড়েছেন।’
এই ভাঙনের চিহ্ন আরও ধরা পড়ে যাচ্ছে বামপন্থীদের প্রচারেও। বিজেপি ও তৃণমূল যখন কয়েক হাজার মানুষ নিয়ে বসিরহাটে প্রচার মিছিল করছে, তখন বামপন্থী প্রার্থীর মিছিলে ২০০ লোকও আসেনি। তবে বামপন্থীদের দাবি, তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অভিমানী লোকদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ভোটের মুখে অন্তত ১০ হাজার মানুষের মিছিল বের করে চমকে দেবেন সবাইকে।
২০০৯ সালের লোকসভা এবং ২০১১ সালের বিধানসভা ভোটে বামদের পরাজয় এবং মমতার জয়ের একটা সহজ কারণ, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশের ভোটই বামপন্থীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবারও কি সেই একই অবস্থা হবে? মিনা খাঁর সুলতানপুর গ্রামের সালিম আলী তরফদারের উক্তি, যে পার্টি ক্ষমতায় থাকে, তার দিকে তো এমনিতেই পাল্লা ভারী হয়। গরিব লোকেরা সহজে ঝুঁকি নিতে চায় না। কিন্তু অদূরে দাঁড়িয়ে তাঁরই পরিবারের নারীরা সাফ জানিয়ে দেন, তাঁরা নিজেদের ভোট নিজেরাই দেন এবং প্রয়োজনে বাড়ির পুরুষদের মতামতের তোয়াক্কা না করেই। বামদের কিছু প্রভাব যে এখনো মুসলমানদের একাংশের মধ্যে রয়েছে, তার ইঙ্গিত পাওয়া গেল হাসনাবাদে। সেখানকার মাদ্রাসার (আবাসিক) সিরাজুদ্দিন এবং তাঁর সহকর্মীরা বললেন, লড়াই মোটেই একতরফা হবে না।
এবার ভোটদাতাদের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৫ লাখ। ফলে সাড়ে তিন লাখ ভোট পেলেও বিজেপির স্বপ্ন পূরণ হওয়া কঠিন। তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ কর্মী শমীক বাবু এখন অঙ্ক কষছেন মুসলিম ভোট ভাগাভাগির। তাঁর কথায়, এই কেন্দ্রে লড়ছেন সিদ্দিকুল্লা চৌধুরী। কয়েক বছর ধরে মুসলমানদের প্রতি বঞ্চনার কথা তুলে সিদ্দিকুল্লা চৌধুরী দক্ষিণবঙ্গে জনপ্রিয়। এআইডিইউএফ নামে নিজের একটি দল গড়ে ভোটে লড়ছেন গত কয়েক বছর। দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের একই ছাতার তলায় জড়ো করার ডাক দিলেও গতবার পেয়েছিলেন ৪০ হাজার ভোট। শমীক বাবুর আশা, সিদ্দিকুল্লা চৌধুরী ওদের অনেক ভোট টানবেন।