সন্ত্রাসবাদী সন্দেহে ভারতের সংখ্যালঘু তরুণদের অন্যায়ভাবে গ্রেপ্তার না করার তাগিদ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। দেশটির সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে লেখা এক চিঠিতে তিনি এ তাগিদ দেন।
চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। কোনো আপস নয়, সমন্বয় করতে হবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে।’
চিঠিতে বলা হয়, কারও বিরুদ্ধে সন্দেহ করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ পুলিশের হাতে থাকলে যেন তাদের গ্রেপ্তার করা হয়। স্রেফ গ্রেপ্তার দেখানো বা পুলিশের সক্রিয়তা প্রদর্শনের জন্য যেন এটা করা না হয়। ওই চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, যেসব পুলিশ কর্মকর্তা কোনো প্রমাণ ছাড়া অন্যায়ভাবে কোনো সংখ্যালঘুকে গ্রেপ্তার করবে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর গ্রেপ্তারের পর যদি তদন্তে দেখা যায় ওই ব্যক্তি বা ব্যক্তিরা নির্দোষ, তবে তাদের সমাজের মূলস্রোতে ফেরার জন্য সব ধরনের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দিতে হবে।
সম্প্রতি সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কে রহমান খান স্বরাষ্ট্রমন্ত্রীকে এক চিঠি লিখে অনুরোধ করেছিলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু মানুষদের গ্রেপ্তার এবং হেনস্তা করার খবর তাঁরা পাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি লিখেছেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির জবাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, ‘এই নির্দেশ গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার বিরোধী। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এই নির্দেশ প্রত্যাহার করে দেশের কাছে ক্ষমা চাওয়া।’