সংগীত তারকা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
বলিউডের সংগীত তারকা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে তৃণমূল। স্থানীয় রাণীগঞ্জ থানায় এই মামলাটি করেন রাণীগঞ্জের তৃণমূল কংগ্রেস নেতা সেনাপতি মণ্ডল।
মামলায় আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যে বাবুল সুপ্রিয়কে রাণীগঞ্জ থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাবুল সুপ্রিয় এবার লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে বর্ধমানের আসানসোল কেন্দ্রে লড়ছেন। এই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ বংশগোপাল চৌধুরী ও তৃণমূলের শ্রমিক-নেত্রী দোলা সেন।
বিজেপির অভিযোগ, এই আসনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় প্রচারে প্রচণ্ড ঝড় তোলায় তৃণমূল প্রার্থীর জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় তাঁরা এখন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। তাই একের পর এক মামলা দিয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্তা করছেন তৃণমূলের নেতারা। সর্বশেষ তাঁরা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নির্বাচনী প্রচারে অস্ত্র ব্যবহারের এই অভিযোগ এনেছেন।
গত শনিবার প্রচারে বেরিয়ে বাবুল সুপ্রিয় রাণীগঞ্জে লাঞ্ছিত হয়েছেন তৃণমূল সমর্থকদের হাতে। তাঁকে মারধর করা হয় বলে বিজেপির অভিযোগ। এই ঘটনার জের ধরে ওই দিন রাণীগঞ্জের নেতাজী সুভাষ রোড অবরোধ করেন বিজেপির সমর্থকেরা। পরে অবশ্য পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে সেনাপতি মণ্ডলসহ পাঁচ তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।
এর পর তৃণমূলের পক্ষ থেকে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ছিনতাই ও মিছিলে অস্ত্র নিয়ে আসার অভিযোগ এনে থানায় মামলা করা হয়।
মামলা করার পর বাবুল সুপ্রিয় বলেন, ‘ওরা আমার প্রচারে ভয় পেয়ে গেছে। হারবে জেনেই আমার বিরুদ্ধে লেগে পড়েছে। দিচ্ছে মিথ্যে অভিযোগে মামলা।’