সংগীতশিল্পী রবিন গিবের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সংগীতশিল্পী রবিন গিব আর নেই। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর গত রোববার রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গিবের পরিবার ‘গভীর দুঃখের’ সঙ্গে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।রবিন গিব তাঁর দুই ভাই ব্যারি ও মরিসকে নিয়ে ১৯৫৮ সালে গড়ে তোলেন গানের দল ‘বি গিজ’। তুমুল জনপ্রিয় দলটির গান দীর্ঘ পাঁচ দশক বিক্রির তালিকায় শীর্ষে থাকে। বি গিজের বিখ্যাত গানগুলোর মধ্যে ‘স্টেয়িং অ্যালাইভ’, ‘হাউ ডিপ ইজ ইয়োর লাভ’, ‘ম্যাসাচুসেটস’ ও ‘নাইট ফিভার’ উল্লেখযোগ্য। আইরিশ সাগরের আইল অব ম্যানে জন্মগ্রহণকারী রবিন গিব ও তাঁর ভাইয়েরা ম্যানচেস্টার ও অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠেন। তাঁদের গান ষাটের দশকে জনপ্রিয় হয়ে ওঠে। টেলিভিশন উপস্থাপক পল গামাচ্চিনি বলেন, অতুলনীয় কণ্ঠের অধিকারী রবিন গিব ব্রিটিশ সংগীতের ইতিহাসে উল্লেখযোগ্য ব্যক্তিদের একজন। জন লেনন ও ম্যাককার্টনির পর ব্রিটেনে বি গিজের গানই সবচেয়ে জনপ্রিয় হয়। নিজেদের গান ছাড়াও সমকালীন অন্য শিল্পীদের জন্য গিব ভাইদের লেখা গান বিপুল জনপ্রিয়তা পায়।রবিন গিবের বন্ধু ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেন, রবিন একজন অসাধারণ, ব্যতিক্রমী কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন। এএফপি ও বিবিসি।