সংগৃহীত নমুনার সঙ্গে মিলে গেছে কানের ডিএনএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের একটি হোটেলের নারী কর্মীর কাপড়ে পাওয়া ডিএনএর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানের ডিএনএ নমুনার মিল খুঁজে পাওয়া গেছে। গত সোমবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। স্ত্রস কান ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।দমিনিক স্ত্রস কান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বর্তমানে নিউইয়র্কের একটি সেফ হাউসে জামিনে রয়েছেন।৩২ বছর বয়সী নারী হোটেল কর্মীর শার্টের কলারে পাওয়া বীর্যের নমুনার সঙ্গে স্ত্রস কানের ডিএনএ নমুনার মিল খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ও ফ্রান্স ২ টেলিভিশন এ কথা জানায়। পুলিশ, সরকারি কৌঁসুলি কিংবা স্ত্রস কানের আইনজীবী কেউই এই প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।বিশেষজ্ঞরা বলেন, ডিএনএর মিল খুঁজে পাওয়ার বিষয়টি হয়তো এটা প্রমাণ করতে পারবে যে, সেখানে কোনো যৌন কর্মকাণ্ড ঘটেছে। তবে সেখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে—তা প্রমাণ করা যাবে না।লস অ্যাঞ্জেলেসভিত্তিক আইনজীবী গারো ঘাজারিয়ান বলেন, ডিএনএর মিল খুঁজে পাওয়ার বিষয়টি অপরাধ প্রমাণ করতে পারবে না।এই আইনজীবী বলেন, কাপড়ে স্ত্রস কানের বীর্য পাওয়ার অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে। পরস্পরের সম্মতিতে যৌন মিলনের কারণে বীর্য লাগতে পারে কিংবা অন্য কোনো কারণেও শার্টে বীর্য লাগতে পারে। ঘাজারিয়ান বলেন, ডিএনএ পরীক্ষার ফলাফল খুব বেশি দ্রুত পাওয়া গেছে।এদিকে স্ত্রস কান নিউইয়র্কে নতুন বাড়ি খুঁজছেন। কারণ, তাঁকে শিগগিরই তাঁর অস্থায়ী আবাস ছেড়ে দিতে হবে। নতুন করে জোটা কুখ্যাতির জন্য বাড়ি পেতে স্ত্রস কানকে হিমশিম খেতে হচ্ছে।স্ত্রস কান এখন যে বাড়িতে অবস্থান করছেন, সেখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের কাছে দুঃখপ্রকাশ করে বলেছে, নতুন ওই বাসিন্দা চলতি সপ্তাহের শুরুতেই চলে যাবেন। ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ ওঠার পর গত সপ্তাহে আইএমএফপ্রধানের পদ ছেড়ে দিতে বাধ্য হন স্ত্রস কান।রোববার সাবেক সহকর্মীদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আবারও অস্বীকার করেছেন স্ত্রস কান। ই-মেইল বার্তায় তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ আমি দৃঢ়তার সঙ্গে নাকচ করছি। আমি আত্মবিশ্বাসী যে, সত্য বেরিয়ে আসবে এবং আমি অভিযোগ থেকে মুক্তি পাব।’ এএফপি ও আল-জাজিরা।