সংঘর্ষে দক্ষিণ সুদানের ১২০০ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের হেগলিগ তেলক্ষেত্রে চলা সংঘর্ষে এ পর্যন্ত দক্ষিণ সুদানের কমপক্ষে এক হাজার ২০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন সুদানের সশস্ত্র বাহিনীর কমান্ডার কামাল মারুফ। গতকাল সোমবার তিনি এ দাবি করেন। তবে দক্ষিণ সুদানের সেনাবাহিনী দাবি করেছে, ১০ এপ্রিল থেকে চলা সংঘর্ষে তাদের ১৯ জন সেনা নিহত হয়েছে। আর সুদানের ২৪০ জন সেনা নিহত হয়েছে। এদিকে দক্ষিণ সুদানের বেনতিউ শহরে গতকাল সুদান দফায় দফায় বোমা হামলা চালায়। এতে একজন শিশু নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানান। হেগলিগ তেলক্ষেত্র থেকে দক্ষিণ সুদান সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল। সুদানের গণমাধ্যমে প্রচারিত খবরে প্রেসিডেন্ট ওমর আল বশিরের জ্যেষ্ঠ কর্মকর্তা নাফি আলী নাফি জানান, হেগলিগ তেলক্ষেত্রে দক্ষিণ সুদানের সেনাবাহিনী এসপিএলের সদস্য এবং ভাড়াটে সেনা মিলে ৪০০ জন নিহত হয়েছে। সুদান হেগলিগ তেলক্ষেত্রে কোনো সাংবাদিক বা পর্যটককে ঢোকার অনুমতি দেয়নি। ফলে তেলক্ষেত্রে চলা সংঘর্ষে ঠিক কতজন নিহত হয়েছে তা জানা কঠিন। ১৯৮৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সুদানে গৃহযুদ্ধ চলে। গৃহযুদ্ধে কমপক্ষে ২০ লাখ মানুষ নিহত হয়। ২০১১ সালের ৯ জুলাই দক্ষিণ সুদান স্বাধীন হয়। এএফপি।