সংঘাত জাপটে ধরেছে মিসরকে। দুই দিন আগেই সেখানে ঘটে গেছে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা। সরকারি হিসাবে প্রাণহানি হয়েছে প্রায় ৭০০ মানুষের। এর পরও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে মরিয়া দলের কর্মী-সমর্থকেরা।গতকাল শুক্রবারও জরুরি অবস্থা উপেক্ষা করে রাজপথে নামেন মুরসির দল মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার কর্মী-সমর্থক। পুলিশও জবাব দেয় কাঁদানে গ্যাস ও বুলেটে। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। সরকারি হিসাবে গতকাল দুই পক্ষের সংঘর্ষ আর গোলাগুলিতে নিহত হয় ১২ জন। তবে মুরসিপন্থীরা জানায়, শুধু এক জায়গাতেই নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৫ জন নিহত হয়েছে।গতকাল জুমার নামাজের পর রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে রামসেস স্কয়ারে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন মুরসির দলের কর্মী-সমর্থকেরা। তবে সেনাবাহিনী বিভিন্ন স্থানে সড়ক বন্ধ করে দেয়। ‘জীবন বাঁচাতে’ তাঁদের ওপর গুলি চালাতে গতকাল পুলিশকে ক্ষমতা দেয় কর্তৃপক্ষ। এ ছাড়া মুরসিপন্থীদের প্রতিহত করতে বিরোধী ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট ও তামারুদকে রাজপথে নামার আহ্বান জানায় কর্তৃপক্ষ। জরুরি অবস্থার মধ্যেও রাজপথে এগোতে থাকেন ব্রাদারহুডের মরিয়া কর্মীরা। রামসেস স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও বুলেট ছোড়ে পুলিশ ও সেনাবাহিনী। এরপর সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো কায়রোতে। রাজধানীর বাইরে আলেকজান্দ্রিয়াসহ অন্যান্য শহরেও গতকাল বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে।রাজধানীর দক্ষিণে ফাইয়ুম শহরেও মুরসির সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। সেখানে পাঁচজন নিহত ও ৭০ জন আহত হন। সুয়েজ খালের পাশের শহর ইসমাইলিয়াতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হন পাঁচজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গতকালের সহিংসতায় ১২ জন নিহত হয়েছে। তবে মুসলিম ব্রাদারহুডের দাবি, শুধু রামসেস স্কয়ারেই নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৫ জন নিহত হয়েছে।নিরাপত্তা পরিষদের আহ্বান: সংঘাত থেকে বিরত থাকতে মিসরের অন্তর্বর্তী সরকার ও বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের সদস্য ফ্রান্স, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া গত বৃহস্পতিবার রাতে এক বৈঠক থেকে ওই আহ্বান জানায়।দেশে দেশে বিক্ষোভ: মিসরে বিক্ষোভকারীদের ওপর কর্তৃপক্ষের চরম পদক্ষেপ ও শত শত প্রাণহানির ঘটনায় গতকাল বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে জুমার নামের পর বিক্ষোভ মিছিল করে মানুষ। এএফপি, বিবিসি, রয়টার্স।