সংঘাত ঠেকাতে হিমশিম খাচ্ছে মিয়ানমারের পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন প্রদেশে রাখাইন-রোহিঙ্গা সংঘাত চলছেই। ছবি: গুগল ম্যাপ।
মিয়ানমারের রাখাইন প্রদেশে রাখাইন-রোহিঙ্গা সংঘাত চলছেই। ছবি: গুগল ম্যাপ।

মিয়ানমারের পুলিশ জানিয়েছে, তারা আজ মঙ্গলবার দেশটির রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাত থামাতে হিমশিম খাচ্ছে।গত তিন দিনে ওই অঞ্চলে অনেক মুসলমানের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এর প্রতিক্রিয়ায় মুসলমানেরাও বেশ কিছু বৌদ্ধ বাড়িতে হামলা চালায়।
পুলিশ বলছে, প্রদেশটির থানদি শহরের আশপাশের কয়েকটি গ্রামে বৌদ্ধরা দল বেঁধে হামলা চালায় এবং এক নারীকে কুপিয়ে হত্যা করে। গত রোববার সংগঠিত রাখাইন বৌদ্ধরা একটি গ্রামের রোহিঙ্গাদের সব বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং একটি মসজিদকে ঘিরে রাখে। এ সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়।
এক পুলিশ কর্মকর্তা নাম গোপনের শর্তে বলেন, ওই নারীকে তাঁর নিজ গ্রামেই হত্যা করা হয়েছিল। সংঘর্ষে আহত চার রাখাইনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিফোনে তিনি বলেন, ‘আজ তিনটি গ্রামে সংঘাত হয়েছে। একটি গ্রামে এখনো আগুন জ্বলছে। বাকিগুলোর আগুন নিভে এসেছে।’
ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন আজ মঙ্গলবার প্রথমবারের মতো রাখাইন প্রদেশ সফর করেছেন। তিনি স্থানীয়দের সহিংসতা না ছড়াতে অনুরোধ করেন। প্রদেশের কিয়ুকতাউ শহরে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেবল সেনা ও পুলিশ বাহিনী যথেষ্ট নয়। এসব অগ্নিকাণ্ড, হত্যা ও সংঘাত তখনই কমবে যখন আপনারা নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেবেন।’

তিন উইন শহরের মুসলমান রোহিঙ্গারা জানিয়েছেন, পরিস্থিতির কারণে তাঁরা আতঙ্কিত। ওই শহরের এক বাসিন্দা বলেন, ‘কোরীয় চলচ্চিত্রের গুন্ডাদের মতো ওরা এসেছিল হাতে তলোয়ার ও লাঠি নিয়ে। শহরে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা সত্যিই চিন্তিত।’

মিয়ানমারের রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে জাতিগত সংঘাত শুরু হয় গত বছরের জুন থেকে। এ পর্যন্ত এতে ২৩৭ জন নিহত হয়েছে। কেবল রাখাইন প্রদেশেরই মারা গেছে ১৯২ জন। এ প্রদেশটিতে রোহিঙ্গা জাতির লোকেরা মুসলমান। সংখ্যাগরিষ্ঠ রাখাইনেরা রোহিঙ্গাদের সে দেশের মানুষ বলে স্বীকার করতে চায় না।

রাখাইন প্রদেশসহ কয়েকটি শহরে রোহিঙ্গা মুসলমানেরা সংখ্যালঘু হলেও দেশটির অনেক ব্যবসার নিয়ন্ত্রণ তাদের হাতে। ধারণা করা হয়, রোহিঙ্গাদের তাড়াতে রাখাইনদের মূল অভিপ্রায় হলো, রোহিঙ্গাদের বিপুল অর্থকড়ি ও জমিজমা দখলে নেওয়া।