সংঘাতের সময় ধর্ষণকে যুদ্ধাপরাধ বলল জি-৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধ ও সংঘাতের সময় ধর্ষণকে যুদ্ধাপরাধ এবং জেনেভা সনদের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে একটি ঘোষণাপত্র প্রকাশ করেছেন শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীরা। লন্ডনে গত বৃহস্পতিবার ঘোষণাপত্রটি গৃহীত হয়।পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রভাতি অধিবেশন শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বব্যাপী সংঘাতের ক্ষেত্রে ধর্ষণকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহারের ঘৃণ্য চেষ্টাকে মোকাবিলায় জি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীরা সম্মত হয়েছেন। ধর্ষণ বিশ্বে চলতে থাকা সবচেয়ে বড় অবিচারগুলোর অন্যতম।ধর্ষণ ও যৌন সহিংসতার অভিযোগ তদন্ত এবং তা বিচারের জন্য একটি আন্তর্জাতিক বিধিমালা তৈরির বিষয়ে উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়ে বলা হয়, কোনো শান্তি আলোচনাতেই ধর্ষণের মতো অপরাধের ক্ষমা বা দায়মুক্তি দেওয়া যাবে না। বৈঠকে যুদ্ধ-সংঘাতে যৌন নিপীড়নের শিকার নারী ও শিশুদের পুনর্বাসনে সাড়ে তিন কোটি ডলারের তহবিল গঠনের অঙ্গীকারও করা হয়।সংঘাতে যৌন সহিংসতা বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি জয়নব হাওয়া বাঙ্গুরা জি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় যোগ দিয়ে এই ঘোষণাপত্র অনুমোদনকে স্বাগত জানান। তিনি বলেন, যুদ্ধের সময় ব্যবহূত প্রাচীনতম এই হাতিয়ার এবং নিন্দার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে থাকা এই অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জাতিসংঘের আরেকজন বিশেষ দূত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেন, যুদ্ধের সময় ধর্ষণ ঘটবেই—এই ধারণাকে ভেঙে দিতে হবে।