রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি গত সোমবার বিলুপ্ত করার মধ্য দিয়ে সংবাদমাধ্যমের ওপর নিজের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রিয়া নভোস্তিকে বেশি উদারপন্থী বিবেচনা করেই পুতিন বিলুপ্ত করেছেন বলে ধারণা করা হচ্ছে। এখন আরও রক্ষণশীল একজন সম্পাদকের অধীনে রসিয়া সেগোদনিয়া (রাশিয়া টুডে) নামের একটি নতুন বার্তা সংস্থা চালু করা হয়েছে।
প্রেসিডেন্টের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সার্গেই ইভানভ বলেন, ব্যয়সংকোচন ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে।
রাশিয়ার অধিকাংশ সংবাদমাধ্যম ইতিমধ্যে পুতিনের প্রতি আনুগত্য স্বীকার করে নিয়েই কাজ করছে। সংবাদমাধ্যমে বিরোধীদের সংবাদ প্রচারের খুব কম সময় দেওয়া হচ্ছে। নতুন বার্তা সংস্থাটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রক্ষণশীল সংবাদ উপস্থাপক হিসেবে পরিচিত দিমিত্রি কিসেলিওভ। রয়টার্স।