সংবিধান নিয়ে কিরগিজস্তানে গণভোট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সংবিধান প্রশ্নে জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত কিরগিজস্তানে গতকাল রোববার গণভোট অনুষ্ঠিত হয়েছে। সহিংসতার আশঙ্কার মধ্যেই গণভোটে উল্লেখযোগ্যসংখ্যক ভোটার ভোট দেন। আজ সোমবার গণভোটের প্রাথমিক ফলাফল জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়, চলে রাত আটটা পর্যন্ত। ভোট শুরুর প্রথম এক ঘণ্টায় ভোট পড়ে ২৬ দশমিক ৩৩ শতাংশ। নির্বাচন উপলক্ষে দেশজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতিগত দাঙ্গায় ক্ষতবিক্ষত দক্ষিণাঞ্চলীয় ওশ শহরেও উল্লেখযোগ্যসংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এ মাসের গোড়ার দিকে এই ওশ শহরেই উজবেক ও কিরগিজদের মধ্যে ভয়াবহ জাতিগত দাঙ্গায় ২৭৫ জন নিহত ও কয়েক হাজার লোক আহত হন। অবশ্য বেসরকারিভাবে নিহতের সংখ্যা দুই হাজারের বেশি বলা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ভোটার তালিকা নিয়ে অনেক জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভোটার তালিকায় নাম না থাকায় অনেক কেন্দ্রে ১৬ শতাংশ পর্যন্ত ভোটার ভোট দিতে পারেননি। সব মিলিয়ে সারা দেশে আনুমানিক দুই লাখ যোগ্য ভোটারকে ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে হয়।নতুন যে সংবিধানের ওপর এ গণভোট অনুষ্ঠিত হলো তাতে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করা হয়েছে এবং দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। গণভোটে সংবিধানটি পাস হলে কিরগিজস্তান হবে মধ্য এশিয়ার প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ। গণভোটে এ সংবিধান পাস হলে অন্তর্বর্তী সরকার আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করবে। এর পরই দেশটিতে প্রতিষ্ঠিত হবে একটি স্থায়ী সরকার।এ দিকে ভোট দেওয়ার সময় কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান রোজা ও তুনায়েভ বলেছেন, ‘দেশে সম্প্রতি যে হূদয়বিদারক ঘটনা ঘটে গেল, আমরা তার যন্ত্রণা থেকে বের হয়ে আসতে চাই। বিশ্বকে আমরা দেখাতে চাই কিরগিজরা ঐক্যবদ্ধ জাতি।’ এএফপি।