সংবিধান সংশোধন বিল প্রতিহত করবে তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকুল রায়, তৃণমূল নেতা
মুকুল রায়, তৃণমূল নেতা

সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনী বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরকার আলোচনাই করেনি; সম্মতি নেওয়া তো পরের কথা। তাই নীতিগত কারণেই বিলটির বিরোধিতা করছে বলে জানিয়েছে তৃণমূল।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে এ কথাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য মুকুল রায়। তাঁর আশঙ্কা, এই অধিবেশনে বিলটি উত্থাপনে সরকার এতটাই মরিয়া যে বিরোধিতা সত্ত্বেও তারা জোর করে বিলটি পেশ করতে পারে। সরকারের এ চেষ্টা প্রতিহত করতে দলীয় সাংসদদের তিনি সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।গত বৃহস্পতিবার সংসদ ভবনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মুকুল রায়। সীমান্ত বিল নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক জোট (ইউপিএ) সরকারের সঙ্গে আলোচনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন সদস্যের যে কমিটি গঠন করেছেন, তার নেতৃত্বে রয়েছেন মুকুল রায়। তিনি গত বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছেছেন।বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের জন্য সম্পাদিত চুক্তি বাস্তবায়ন করতে হলে ভারতের সংবিধান সংশোধন করতে হবে। ভারতের প্রধান বিরোধী দল বিজেপিও শুরু থেকেই এই সংশোধনীর বিরোধিতা করছে।
প্রথম আলো: সালমান খুরশিদের সঙ্গে কী আলোচনা হয়েছে?
মুকুল রায়: পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার আমাকে ফোন করেছেন। অনুরোধ করেছেন বিলটি উত্থাপনে আমরা যেন বিরোধিতা না করি। আমাদের একটাই কথা। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে কোনো চুক্তিতে আমরা সায় দিতে পারব না। সালমানকে এই মনোভাব জানিয়ে দিয়েছি।
প্র. আ.: সংবিধান সংশোধনী বিলটির বিরোধিতা কেন করছেন আপনারা?
মু. রা.: আমাদের মূল আপত্তি নীতিগত কারণে। আমাদের সঙ্গে আলোচনা না করে, আমাদের সম্মতি না নিয়েই কেন্দ্রীয় সরকার এ সংবিধান সংশোধন বিল আনতে চাইছে। সে জন্যই আমরা বিলটির বিরোধিতা করছি।
প্র. আ.: কিন্তু সরকার তো বলছে, আপনাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে! এমনকি আপনারা ক্ষমতায় আসার পর আপনাদের রাজ্যের মুখ্য সচিবের সম্মতিপত্রও কেন্দ্রকে পাঠিয়েছেন!

মু. রা.: এটা ভুল ব্যাখ্যা। আমরা ক্ষমতায় আসার পর দিল্লি আমাদের সঙ্গে আলোচনা করেনি। ওঁরা হয়তো কথা বলেছিল বামফ্রন্ট সরকারের সঙ্গে। মুখ্য সচিবের চিঠিও সেই যোগাযোগেরই ফল।

প্র.আ.: দিল্লি বলছে, সেই চিঠি পাঠানোর আগে মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী তাঁর সম্মতিও দিয়েছিলেন?

মু. রা.: এমন কোনো তথ্য আমাদের জানা নেই। বরং এটা বলতে পারি, সালমানের আগে যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই এস এম কৃষ্ণার সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী তাঁর আপত্তির কথা জানিয়েছিলেন।

প্র.আ.: তখন আপত্তির কী কারণ ছিল?

মু.রা.: চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। আলোচনা না করে, সম্মতি না নিয়ে যেন কিছু করা না হয়।

প্র.আ.: কেন্দ্রীয় সরকার বলছে, ২০১২ সালের ডিসেম্বরে সালমান খুরশিদ সাংসদদের বৈঠক ডেকেছিলেন। আপনাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনারা যাননি। কারণ, সেদিন মুখ্যমন্ত্রী দিল্লি এসেছিলেন। ৪০ জন সাংসদ সেই বৈঠকে উপস্থিত ছিলেন। চুক্তি বাস্তবায়নে সংবিধান সশোধনী বিল পাস করার প্রয়োজনীয়তার বিষয়টি ওই বৈঠকে সরকার ব্যাখ্যা করেছিল। আর সাংসদেরাও সরকারের সঙ্গে একমত পোষণ করেছিলেন। তবে এখন বিরোধিতা কেন?

মু. রা.: সেই বৈঠকের পরেও আরেক দফা বৈঠক ডাকা যেত! তার পরেও কথা বলা যেত মুখ্যমন্ত্রীর সঙ্গে। সালমান আমাকে কয়েকবার ফোন করেছিলেন। আমি তাঁকে আমাদের অবস্থান জানিয়েছি। আজকেও সেটা তাঁকে জানানো হয়েছে। সালমানকে ডেরেক ও’ব্রায়ান (রাজ্যসভার সদস্য ও তৃণমূল নেতা) জানিয়ে দিয়েছে।

প্র.আ.: আপনার কি মনে হয়, সরকার জোর করে বিলটি উত্থাপন করবে?

মু. রা.: তেমন একটা আশঙ্কা আমাদের রয়েছে। সরকার খুবই মরিয়া। বিলটা উত্থাপন করে ইউপিএ সরকার বাংলাদেশকে একটা বার্তা দিতে চাইছে। আমরা কিন্তু তাতেও বাধা দেব। তৃণমূল সাংসদদের সেই নির্দেশই দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যসভা ও লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশন গতকাল শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন বিল পাস করাতে সংসদের মেয়াদ এক দিন বেড়ে আজ শনিবার অধিবেশন শেষ হচ্ছে। বাড়তি সময়ে সরকার সীমান্ত বিল পেশ করে কি না, সেটাই এখান দেখার রয়েছে।