থাইল্যান্ডের একটি সাংবিধানিক আদালত গতকাল বুধবার দেশটির সংবিধান সংশোধনের সরকারি পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করেছেন। তবে ক্ষমতাসীন দল পুয়ে থাইকে বিলুপ্ত করতে বিরোধীরা যে আবেদন করেছিল, রায়ে সেটি খারিজ করে দিয়েছেন ওই আদালত।
পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সব সদস্যকে পরিপূর্ণভাবে নির্বাচিত হয়ে আসতে হবে বলে পুয়ে থাই পার্টির প্রস্তাব আদালত নাকচ করে দেন।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে উত্খাত হওয়ার পর থেকে থাইল্যান্ডে রাজনৈতিক বিভক্তি ও অস্থিতিশীলতার সৃষ্টি হয়। সামরিক শাসনের অধীনে ২০০৭ সালে প্রণীত নতুন সংবিধানে সিনেটের প্রায় অর্ধেক সদস্যকে সরাসরি নির্বাচিত করার পরিবর্তে মনোনীত করার বিধান রাখা হয়। পুয়ে থাই পার্টির আইনপ্রণেতারা ওই সংবিধানকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে সংশোধনের পরিকল্পনা করে। বিরোধীরা সংবিধান সংশোধনের উদ্যোগকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানায়।
উভয় পক্ষের সমর্থকেরা তাত্ক্ষণিকভাবে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। বিবিসি ও এএফপি।