সংবিধান সংস্কারে গণভোটে অংশ নিল মিসরীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংস্কারের লক্ষ্যে গতকাল শনিবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিসরীয়রা এক ঐতিহাসিক গণভোটে অংশ নিয়েছে। এই গণভোট দেশটিতে আগামী ছয় মাসের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।গতকাল স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাতটায় এটি শেষ হওয়ার কথা। ভোট পর্যবেক্ষণের সঙ্গে জড়িত বিচার বিভাগীয় কমিটির একজন সদস্য রয়টার্সকে জানিয়েছেন, আগামীকাল রোববার অথবা সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে। এই গণভোটের মধ্য দিয়ে মিসরীয়রা দেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা সম্পর্কে মতামত দেবে। যারা বর্তমান সংবিধান সম্পূর্ণ সংস্কার দরকার বলে মনে করেন, তাঁরা ‘হ্যাঁ’ আর যাঁরা মনে করেন সংবিধানটি চলনসই আছে, তারা ‘না’ ভোট দেবেন।ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই দলে দলে ভোটাররা আসতে থাকেন। কায়রোর ভোটকেন্দ্রস্থলের একটি কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে ইমান হেলাল নামের এক তরুণ ব্যবসায়ী উৎফুল্ল কণ্ঠে বলেন, ‘আমি অবশ্যই ভোট দিতে যাচ্ছি।’কায়রোর পার্শ্ববর্তী এলাকার কায়জার এল-দোবারা বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসা ৩১ বছর বয়সী বিক্রয় প্রতিনিধি করিম জাদা বলেন, ‘আমার জীবনে এটিই প্রথম ভোট দেওয়া।’জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দলের সাবেক প্রধান মোহাম্মদ এল বারাদি বলেন, হুসনি মোবারকবিরোধী বিক্ষোভকারীরা সবাই সংবিধান সংস্কারের পক্ষে ভোট দেবেন।গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি মিসরের প্রেসিডেন্ট হুসনি মোবারক পদত্যাগের পর অন্তর্বর্তী একটি সামরিক সরকার দেশটির ক্ষমতা গ্রহণ করে। বিবিসি, রয়টার্স ও এএফপি।