মিসরে নতুন সংবিধানের পক্ষে ৯৮ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে। গত শনিবার দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।
সেনা-সমর্থিত সরকারের উদ্যোগে রচিত নতুন সংবিধানের বিষয়ে জনগণের মতামত জানতে গত মঙ্গল ও বুধবার মিসরে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন বলেছে, গণভোটে ৩৮ দশমিক ৬ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশটিতে মোট ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখ।
নির্বাচন কমিশনের প্রধান নাবিল সালিব এই গণভোটকে ‘অতুলনীয় সাফল্য’ বলে অভিহিত করেন। গণভোটে ভোটারদের ‘নজিরবিহীন উপস্থিতি’ হয়েছে বলেও দাবি করেন তিনি। বক্তৃতায় সেনাবাহিনীর প্রশংসাও করেন নাবিল।
এর আগে মিসরের ইসলামপন্থী মুরসি সরকারের সময় প্রণীত ২০১২ সালের সংবিধান নিয়ে অনুষ্ঠিত গণভোটে ৩৩ শতাংশ ভোট পড়েছিল। ওই সংবিধানের পক্ষে ৬৪ শতাংশ ভোটার সমর্থন দেন।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীরা এবারের গণভোট বর্জন করেন। ভোটের দুই দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্রাদারহুডের কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত নয়জন নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শুক্রবার নির্বাচন-পরবর্তী সহিংসতায় আরও চারজন প্রাণ হারায়।
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মিসরের অনুমোদিত সংবিধানে যে ‘স্বাধীনতা ও অধিকারের কথা বলা হয়েছে, তা নিশ্চিত করতে’ দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে জন কেরি আরও বলেন, ‘মিসরে গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে গত তিন বছরের অভিজ্ঞতা আমাদের এটা মনে করিয়ে দেয় যে একটি গণভোটই গণতন্ত্র নিশ্চিত করে দেয় না।’ বিবিসি ও আল-জাজিরা।