বিশ্বের শক্তিধর ছয় দেশের সঙ্গে ইরানের পরমাণু-সংলাপ কোনো ধরনের মীমাংসা ছাড়াই শেষ হয়েছে। তবে এ নিয়ে আরও আলোচনার জন্য আগামী মাসে রাশিয়ার রাজধানী মস্কোয় আরেকটি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।ইরাকের রাজধানী বাগদাদে গত বুধবার সংলাপ শুরু হয়। ইরানের সঙ্গে সংলাপে অংশ নেয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।আগামী ১৮ ও ১৯ জুন মস্কোয় পরবর্তী বৈঠকে সমঝোতার ব্যাপারে আশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন বলেছেন, গত দুই দিনের আলোচনা ছিল ‘গুরুত্বপূর্ণ’। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নিরসনে ইরানকে অবশ্যই সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।এদিকে, ইরানের সঙ্গে পরমাণু-সংলাপে উভয় পক্ষের মধ্যে বিস্তর ব্যবধান থাকলেও শেষ পর্যায়ের আলোচনা ‘গঠনমূলক’ ছিল বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ব্যাপারে ইরানকে ‘সুনির্দিষ্ট একগুচ্ছ’ প্রস্তাব দেওয়া হয়েছে। জবাবে তারা এ ব্যাপারে পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে।ইরান পারমাণবিক অস্ত্রের ভান্ডার গড়ে তোলার চেষ্টা করছে বলে পশ্চিমা বিভিন্ন দেশের সন্দেহ রয়েছে। এএফপি।