সিরিয়ায় শান্তি আলোচনায় যোগ দিতে বিদ্রোহীদের ওপর চাপ বাড়ছে। প্রস্তাবিত ওই আলোচনায় বিদ্রোহীদের অংশগ্রহণ নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে। তবে পশ্চিমা ও আরব কূটনীতিকেরা আগামী মাসেই ওই আলোচনা শুরুর ব্যাপারে জোর তত্পরতা চালাচ্ছেন।
এদিকে, বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর গত রোববার বড় ধরনের দুটি হামলা চালিয়েছে। এর মধ্যে সিরিয়ার হামা শহরে আত্মঘাতী এক বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক লোকজন ও সরকারি সেনার সংখ্যাই বেশি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফ্রান্সের রাজধানী প্যারিসে আরব লিগের প্রতিনিধিদের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেন। সিরীয় বিদ্রোহীদের জোট এবং তাদের সমর্থক আরব নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার আলোচনায় বসবেন কেরি। আর তাঁর সঙ্গে ব্রাহিমির দেখা হতে পারে ইরাকে।
জাতিসংঘ ও আরব লিগের দূত লাখদার ব্রাহিমি গত রোববার বলেন, জেনেভায় অনুষ্ঠেয় শান্তি আলোচনার লক্ষ্য হবে সিরিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠন এবং তিন বছরব্যাপী লড়াইয়ের অবসান। বিদ্রোহীদের মধ্য থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে ‘গ্রহণযোগ্য প্রতিনিধিদের’ উপস্থিতি ছাড়া ওই আলোচনা হতে পারে না। এ ক্ষেত্রে ওই সংলাপ অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিতে পারে।
আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির সঙ্গে কায়রোতে গত রোববার এক বৈঠকের পর ব্রাহিমি বলেন, সময়সূচি ঠিক না হলেও আগামী মাসেই ওই শান্তি আলোচনা শুরুর ব্যাপারে তাঁরা আশাবাদী। নাবিল আল-আরাবি বলেন, ২৩ নভেম্বরের মধ্যে আলোচনা শুরুর আশা করছেন তাঁরা।
সিরিয়ায় আড়াই বছরের বেশি সময় ধরে চলমান লড়াইয়ে অন্তত এক লাখ ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ লড়াই বন্ধ করতে সমর্থন আদায়ের লক্ষ্যে ব্রাহিমি প্রথম দফায় মধ্যপ্রাচ্য সফর শেষে বলেন, তিনি কাতার, তুরস্ক, ইরান, সিরিয়া সফর করবেন। এরপর সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি আলোচনা শুরু করা হবে। এএফপি।